খান আরশাদ, বীরভূম:
রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত পরিবারগুলির খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি সুনিশ্চিত করতে চালু করা একটি উল্লেখযোগ্য কল্যাণমূলক উদ্যোগ হলো ‘অন্নপূর্ণা যোজনা’। বিশেষ করে প্রান্তিক পরিবার এবং মহিলাদের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা প্রদানই এই কর্মসূচির প্রধান লক্ষ্য। যোগ্য উপভোক্তাদের খাদ্য সহায়তার পাশাপাশি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে (DBT) আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরিবারের মহিলাদের স্বনির্ভর করতে এবং সংসারের নিত্যপ্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটাতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বীরভূমের সীমান্তবর্তী অঞ্চল রাজনগরেও অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে মহিলাদের মুখে ফুটল হাসি।অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তেই রাজনগর ব্লক জুড়ে মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। টাকা অ্যাকাউন্টে ঢোকার খবর পেতেই রাজনগরের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)-র গ্রাহক সেবা কেন্দ্রগুলিতে (CSP) টাকা তুলতে সকাল থেকেই উপচে পড়েছে উপভোক্তাদের ভিড়।
এদিন সকাল থেকেই রাজনগরের বিভিন্ন CSP কেন্দ্রে মহিলাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সফলভাবে টাকা তুলতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন উপভোক্তারা। সংসার চালানো, পুষ্টি ও নিত্যপ্রয়োজনীয় খরচে এই আর্থিক সহায়তা বড় ভূমিকা রাখবে বলে জানান অন্নপূর্ণার টাকা পাওয়া ছন্দা মন্ডল, রূপালী ব্যানার্জি, মাসুমা বিবি, মুকুলি দাসরা।
এই প্রকল্পের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা। CSP কেন্দ্রগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে উপস্থিত বিজেপির সিউড়ি-২ মন্ডলের বর্তমান সভাপতি সুমিত দত্ত, প্রাক্তন মন্ডল সভাপতি বিপুল নন্দী, সিউড়ি-২ মন্ডল মহিলা সহ-সভানেত্রী মমতা দে, বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদক মৃময়ী দে, প্রাক্তন মন্ডল যুব-সভাপতি বুবুন দে, বিজেপি যুব-মোর্চার প্রাক্তন সম্পাদক জয়দেব দাস প্রমূখ। তাঁরা উপভোক্তাদের সঙ্গে কথা বলেন এবং পরিষেবা যাতে দ্রুত ও নির্বিঘ্নে পৌঁছায়, সে বিষয়ে সহায়তা করেন।
CSP কেন্দ্রের ম্যানেজার সাধন লায়েক অন্নপূর্ণার যোজনার টাকা তুলতে আসা সমস্ত গ্রাহকদের সর্বতোভাবে সাহায্য করে চলেছেন।
নতুন গতি 






















