খান আরশাদ, নতুন গতি, বীরভূম: রক্তের সংকট মেটাতে আর গ্রামের মানুষকে সুস্থ রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল খয়রাশোল ব্লকের রূপুষপুর পঞ্চায়েতের বারাবন গ্রামের যুবসমাজ। বৃহস্পতিবার বারাবন যুবকবৃন্দের পরিচালনায় গ্রামে অনুষ্ঠিত হলো রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।
সকাল থেকেই শিবিরে ছিল চোখে পড়ার মতো ভিড়। সাধারণ স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি হৃদরোগ সংক্রান্ত পরামর্শ, চক্ষু পরীক্ষা, রক্তে শর্করার মাত্রা নির্ণয় এবং ইসিজি পরীক্ষার ব্যবস্থা ছিল। অনেকেই একসঙ্গে একাধিক পরীক্ষা করিয়ে নেন। পাশাপাশি চলে স্বেচ্ছায় রক্তদান। রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বহু প্রবীণ মানুষও এদিন শিবিরে এসে স্বাস্থ্য পরীক্ষা করান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা, বিজেপির বীরভূম জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি মোতাহার খান, সহ-সভাপতি টিকলু খান, রাজ্য কমিটির সদস্য সুকুমার নন্দী, সমাজসেবী নৃপেন্দ্র নাথ সৌ, দেবব্রত গুপ্ত, রাজু দাস প্রমুখ। উদ্যোক্তাদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত সেনা জওয়ান জসিম খাঁ, রাজু খা, মিঠুন সৌ, রয়েল খা, আসগর খা সহ গ্রামের আরও অনেক যুবক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু উৎসব নয়, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই যুবসমাজের আসল দায়িত্ব। এই শিবির তারই প্রমাণ। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এই ধরনের শিবির নিয়মিত হওয়া দরকার বলেও মত দেন তাঁরা। একান্ত সাক্ষাৎকারে বিধায়ক ও মোতাহার খান কর্মসূচির প্রশংসা করে ভবিষ্যতেও এমন উদ্যোগের পাশে থাকার আশ্বাস দেন। গ্রামবাসীরা যুবদের এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান।
নতুন গতি 
















