জলপাইগুড়ি: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার জলপাইগুড়ি শহরের ব্যস্ত দিনবাজারে অভিযান চালাল জেলা প্রশাসনের টাস্কফোর্স। বৃহস্পতিবার বাজারে হানা দিয়ে চাল, চিনি, তেল, শাকসবজি-সহ বিভিন্ন পণ্যের দাম ও বিক্রির পরিস্থিতি খতিয়ে দেখেন আধিকারিকরা।
অভিযানে উপস্থিত ছিলেন প্রশাসনের উপ-জেলাশাসক, খাদ্য দপ্তর, ক্রেতা সুরক্ষা বিভাগ, আইনসম্মত ওজন পরিমাপ বিভাগ, পুলিশ ও দমকলের আধিকারিকরা। ফল, শাকসবজি ও মুদির দোকানে গিয়ে পণ্যের দর যাচাই করেন তাঁরা। বেশ কিছু পণ্যের দাম বৃদ্ধির বিষয়টি স্বীকার করে ব্যবসায়ীদের মুনাফার পরিমাণ কম রাখার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি কৃত্রিম পণ্যের সংকট তৈরি ও কালোবাজারি রুখতে সতর্ক করা হয়। অভিযানে নথিহীন একটি বৈদ্যুতিক ওজন মাপার যন্ত্র বাজেয়াপ্ত করা হয়। ফায়ার লাইসেন্স না থাকায় এক পাইকারি ব্যবসায়ীকেও সতর্ক করা হয়।
ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজার ও ভিনরাজ্য থেকে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। সরষের তেল ও চিনির জোগানেও ঘাটতি রয়েছে। অন্যদিকে, ক্রেতাদের অভিযোগ, প্রশাসনের অভিযান চলাকালীন দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও পরে ফের বাড়ে। তাই শুধু একদিনের অভিযান নয়, লাগাতার নজরদারির দাবি উঠেছে। প্রশাসনের আশ্বাস, আগামী দিনেও নিয়মিত বাজার পরিদর্শন চলবে।
নতুন গতি 



















