আব্দুল গফফার, নতুন গতি: ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের ১৩৭তম জন্মদিন উপলক্ষ্যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল তৃতীয় সুনীতিকুমার স্মারক বক্তৃতা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য বলেন, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, মানুষের যাপন ও সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অংশ। বাংলা বিভাগের পক্ষ থেকে অধ্যাপক রামেশ্বরের নামে স্মারক বক্তৃতার প্রসঙ্গও উঠে আসে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রাক্তন অধ্যাপকদের অবদানের স্বীকৃতি হিসেবে তাঁদের নামে স্মারক বক্তৃতা আয়োজনের প্রস্তাবকে অনুমোদন জানান তিনি। এ বিষয়ে বিভাগের সিদ্ধান্ত লিখিতভাবে জানানোর কথাও বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সহ-উপাচার্য অধ্যাপক পার্থপ্রতিম সরকার বলেন, ডিজিটাল যুগে গণমাধ্যমের বিভিন্ন শাখায় ইংরেজি ও অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষাও সমানভাবে সক্রিয় ও সমৃদ্ধ হচ্ছে। বিজ্ঞানচর্চার ক্ষেত্রেও বাংলা ভাষার প্রাসঙ্গিকতা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বক্তৃতার অন্যতম আলোচ্য বিষয় ছিল গণমাধ্যম ও বাংলা ভাষা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমীর কর্মকার জানান, ভাষাচার্য সুনীতিকুমারের ভাষাচিন্তা বর্তমান সময়েও সমান প্রাসঙ্গিক। গণমাধ্যমের প্রভাবে বাংলা ভাষায় প্রতিনিয়ত নতুন শব্দ, নতুন প্রকাশভঙ্গি ও বহুত্বিক অভিজ্ঞতা যুক্ত হচ্ছে। অন্যদিকে, কলকাতার বই ওডিবিএল (ODBL) প্রকাশের ১০০ বছর পূর্তিও বাংলা ভাষার ইতিহাস ও স্বাতন্ত্র্য চর্চার ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করছে।
অনুষ্ঠানে প্রায় ২০০ জন ছাত্রছাত্রী ও গবেষক উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ নেন অধ্যাপক সাবিত্রী নন্দ চক্রবর্তী, অধ্যাপক সুশেন বিশ্বাস, অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায়, ড. শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্ত, ড. পীযূষ পোদ্দার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক সঞ্জীব মণ্ডল।
নতুন গতি 

















