খান আরশাদ,বীরভূম :
দিন দুপুরে প্রকাশ্যে ট্রাক্টরে করে বালি চুরির অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বালি ভর্তি ট্রাক্টর আটক করল রাজনগর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর নাগাদ, রাজনগর থানার অন্তর্গত রামবক্সি ঘাট এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে রামবক্সি ঘাট থেকে ট্রাক্টরে করে অবৈধভাবে বালি বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি গোপন সূত্রে রাজনগর থানার পুলিশের কানে আসে।
খবর পাওয়ার পরই তৎপর হয় পুলিশ। রাজনগর থানার ওসি অঙ্কুশ মন্ডলের নির্দেশে রাজনগর থানার এএসআই কাজল বাগদি সহ অন্যান্য পুলিশকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশকে দেখতে পেয়েই চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে চম্পট দেয় বলে অভিযোগ। তবে পালিয়ে গেলেও বালি ভর্তি ট্রাক্টরটি ফেলে যেতে বাধ্য হয় তারা। এরপর পুলিশ ট্রাক্টরটিকে আটক করে রাজনগর থানায় নিয়ে আসে।
এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বলে জানা গিয়েছে। ট্রাক্টরটির মালিক কে এবং এই বালি চুরির চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধ বালি তোলা নিয়ে অভিযোগ উঠছিল। দিন দুপুরে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
নতুন গতি 






















