সিসিলির শাসক ডায়োনিসিয়াসের দরবারে কাজ করতেন দামোক্লিস নামে এক কর্মচারী। রাজার বিলাসবহুল জীবন দেখে তিনি ভীষণ ঈর্ষা করতেন। প্রায়ই বলতেন, “রাজা কত সুখী!” একদিন রাজা মুচকি হেসে বললেন, “ঠিক আছে, আজ একদিনের জন্য তুমিই রাজা।”
দামোক্লিসকে বসিয়ে দেওয়া হল সিংহাসনে। সামনে সোনা-রূপা, সুস্বাদু খাবারের সঙ্গে রাজকীয় বিলাসিতা। তিনি মহা আনন্দে উপভোগ করতে শুরু করলেন সবকিছু। কিন্তু হঠাৎ তাঁর চোখ ওপরের দিকে চলে গেল। তিনি দেখলেন, মাথার ঠিক ওপরেই ঝুলছে এক ধারালো তলোয়ার। সেটা বাঁধা আছে শুধু ঘোড়ার একগাছি চুল দিয়ে। যে কোনও মুহূর্তে সেই চুল ছিঁড়ে তলোয়ারটা পড়ে যেতে পারে তাঁর মাথায়, আর তাতেই শেষ হয়ে যেতে পারে তাঁর জীবন।
ব্যস, দামোক্লিসের আনন্দ-ফূর্তি তখন সব উধাও। ভয় আর উদ্বেগে অস্থির হয়ে উঠলেন তিনি। আর এক মুহূর্তও বসে থাকতে পারলেন না সিংহাসনে। তখন রাজা ডায়োনিসিয়াস তাঁকে সিংহাসন থেকে নামিয়ে আবার নিজের আসনে ফিরে গেলেন।
চীনের শেনজেন রাজ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকের পর এই দামোক্লিসের তলোয়ারের উদাহরণ দিয়েই শি জিনপিং বলেছেন, পারমাণবিক অস্ত্র হচ্ছে ‘মানবজাতির মাথার ওপর ঝুলন্ত সেই দামোক্লিসের তলোয়ার।’ সেই তলোয়ারকে তিনি সম্পূর্ণ নিষিদ্ধ ও ধ্বংস করার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত পারমাণবিক অস্ত্রমুক্ত এক বিশ্ব গড়ে তোলা। তিনি আরও বলেছেন, “পারমাণবিক যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয় এবং এই যুদ্ধ কখনওই করা উচিত নয়।”
পাশাপাশি তিনি চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে স্নায়ুযুদ্ধের মানসিকতা ত্যাগ করারও আহ্বান জানিয়েছেন।
ছোটবেলায় যাঁকে চীনে ‘শ্রেণিশত্রু’ বা ‘দেশদ্রোহীর ছেলে’, ‘গাদ্দারের ছেলে’ বলে ডাকা হত, যাঁকে ঘুমাতে দেওয়া হয়েছিল পাথরের বিছানায়, তিনিই আজ চীনের সর্বোচ্চ নেতা। শুধু চীন নয়, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতাদের একজন। সেই তিনিই দিলেন বিশ্বকে ডুমসডে যুদ্ধ থেকে বাঁচানোর বার্তা। তাঁর এই আহ্বানে ট্রাম্প কিংবা পুতিন সাড়া দেবেন কি না, তা সময়ই বলে দেবে। হয়ত তাঁরা সাড়া দেবেন না। কিন্তু শি জিনপিং এমন এক কথা বললেন, যা তাঁকে ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখবে। বার বার লেখা হবে যে, শি বলেছিলেন—”বিশ্বের সব পরমাণু অস্ত্র ধ্বংস করে দাও।”
নতুন গতি 






















