বাবু হক, হাওড়া: অকাল বর্ষণ ও ঝোড়ো হাওয়ায় আমন ধান এবং সবজি চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে হাওড়া গ্রামীণ জেলার বিস্তীর্ণ এলাকায়। ইতিমধ্যেই দফায় দফায় বৃষ্টি ও প্রবল বাতাসে দিশেহারা কৃষক ও কৃষিশ্রমিক পরিবারগুলি।
অমরাগড়ী এলাকার কৃষক সৌরভ রায়ের কথায়, পরিস্থিতি যেন ‘পাকা ধানে মই দেওয়ার মতো’। অনেক কৃষক কৃষি সমবায় সমিতি ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে চাষাবাদ করেন। ফলে ফসলের ক্ষতি হলে তাঁদের আর্থিক সংকট আরও বাড়বে। কৃষক বিলাস দলুইও অকাল বৃষ্টিতে আমন ধান ও সবজি চাষের ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন।
এলাকার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গিয়েছে, কোথাও উঁচু জমিতে, কোথাও নিচু জমিতে ধান ও সবজি চাষের অবস্থা আলাদা। ইতিমধ্যেই বহু জমিতে আমন ধান কাটার কাজ শুরু হয়েছে। এই সময়ের বৃষ্টিতে মাঠের ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন কৃষকরা।
কৃষক নিমাই বেরা ও স্বপন সামুই জানান, অকাল বৃষ্টিতে কৃষক ও কৃষিশ্রমিক পরিবারগুলি গভীর দুশ্চিন্তায় রয়েছেন। কৃষক সমীর দলুই বর্তমান সরকারের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং এলাকার বিধায়কের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পরিস্থিতি খতিয়ে দেখে কৃষকদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন।
নতুন গতি 




















