দীঘা, কাঁথি: হালকা শীতের আমেজের মধ্যেই ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বদলাতে শুরু করেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। বৃহস্পতিবার ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। দীঘা, কাঁথি-সহ উপকূলবর্তী এলাকায় আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রাখছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ছয় ঘণ্টায় ঘণ্টায় ৫ কিলোমিটার গতিবেগে উত্তর দিকে এগিয়েছে ঘূর্ণিঝড়টি। শুক্রবার এটি স্থলভাগে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা। নারসাপুর থেকে পুরীর মধ্যবর্তী কোনও উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
শনিবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে বজ্রপাত, দমকা হাওয়া ও বৃষ্টি চলতে পারে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ের বিশেষ প্রভাব না পড়লেও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় পরিস্থিতির দিকে নজর রাখছেন বাসিন্দারা।
নতুন গতি 




















