আক্তারুল খান, আমতা: নিম্নচাপের জেরে দু’দিনের লাগাতার বৃষ্টিতে কৃষিকাজে ছন্দপতন। জমিতে জল জমে যাওয়ায় আমন ধান ও আলু চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন হাওড়ার আমতা ও উদয়নারায়ণপুরের কৃষকরা। পাশাপাশি শীতকালীন সবজি চাষেও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। আমতা ও উদয়নারায়ণপুরের বিভিন্ন এলাকায় বর্তমানে আমন ধান পাকার মুখে। আবহাওয়া অনুকূলে থাকলে কয়েক দিনের মধ্যেই ধান কাটার কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অকাল বৃষ্টিতে জমিতে জল দাঁড়িয়ে যাওয়ায় পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। দীর্ঘ সময় জল জমে থাকলে ধানের গুণমানও ক্ষতিগ্রস্ত হতে পারে। ধান কাটার পর অধিকাংশ জমিতে আলু চাষের পরিকল্পনা রয়েছে কৃষকদের। বিশেষত আমতা-২ ব্লক ও উদয়নারায়ণপুরে আলু চাষের ব্যাপক প্রচলন রয়েছে। কিন্তু জমি থেকে জল না নামলে সময়মতো জমি প্রস্তুত করা সম্ভব হবে না। ফলে আলু চাষ পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমতা-২ ব্লকের কৃষক আমির আলি বলেন, “ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলাম। কয়েক দিনের মধ্যেই ফসল ঘরে তোলার কথা ছিল। কিন্তু বৃষ্টিতে জমিতে জল জমায় পাকা ধানের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।” উদয়নারায়ণপুরের কৃষক সনত মাজি জানান, কয়েক দিন আগেই তিনি জমিতে আলু লাগিয়েছেন। কিন্তু টানা বৃষ্টিতে জল জমে যাওয়ায় ফলন নিয়ে চিন্তায় রয়েছেন। জেলা কৃষি দপ্তরের এক আধিকারিক জানান, বৃষ্টির পর জমির পরিস্থিতি খতিয়ে দেখা হবে। কৃষকদের সম্ভাব্য ক্ষতির বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
২১ নভেম্বর ২০২৬, শনিবার, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
BREAKING :
নিম্নচাপের বৃষ্টিতে মাঠে জল, ধান-আলু চাষে ঘোর দুশ্চিন্তায় আমতা উদয়নারায়নপুরের কৃষকরা
-
নতুন গতি - আপডেট : ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার
- 23
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





















