মালদা: কার্তিক পুজোর মেলায় বচসা থামাতে গিয়ে প্রাণ গেল বিজেপির মণ্ডল সহ-সভাপতি চন্দন মণ্ডলের (৪৫)। লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে তাঁকে খুনের অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে মালদার হবিবপুরের চাঁদপুর গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁদপুর গ্রামের বাসিন্দা চন্দন পেশায় ডেকরেটার্স ব্যবসায়ী ছিলেন। কার্তিক পুজো উপলক্ষে গ্রামে মেলা বসেছিল। বৃহস্পতিবার রাতে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। আচমকাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে কয়েকজন যুবক চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তাঁদের থামাতে গিয়ে মেলা কর্তৃপক্ষের সঙ্গে বচসা বাধে। শুরু হয় হাতাহাতি। সেই সময় অনুষ্ঠান দেখতে আসা চন্দন বিবাদ থামাতে এগিয়ে গেলে তাঁকে ঘিরে ধরে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।
রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, চন্দন হৃদরোগেও আক্রান্ত ছিলেন। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মালদা জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়। তাঁর অভিযোগ, তৃণমূলের মদতে দুষ্কৃতীরা এই খুন করেছে। এলাকায় মাদক ও মদের বাড়বাড়ন্তের প্রতিবাদ করায় চন্দনকে নিশানা করা হয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি। হবিবপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
নতুন গতি 












