বীরভূম: পাথর সরবরাহ থেকে রাজস্ব আদায়ে নজির গড়ল বীরভূম জেলা প্রশাসন। গত বছরের অক্টোবর মাসে গোটা মাসে যে রাজস্ব আদায় হয়েছিল, এ বছর ১১ অক্টোবর একদিনেই তার চেয়ে বেশি টাকা সরকারি কোষাগারে জমা পড়েছে বলে দাবি রাজ্য সরকারের। সোমবার সামাজিক মাধ্যমে এই তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজস্ব ফাঁকি রোখার সাফল্যের কথা জানান।
মুখ্যমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, গত বছরের অক্টোবর মাসে পাথরের ডিসিআর (পাথর বাবদ আদায় করা রাজস্ব) থেকে প্রায় ৩ কোটি ২৮ লক্ষ টাকা আদায় হয়েছিল। সেখানে চলতি বছরের ১১ অক্টোবর একদিনেই আদায় হয়েছে ৩ কোটি ৪৪ লক্ষ ১১ হাজার ৪১০ টাকা। আর ১ থেকে ১১ অক্টোবর পর্যন্ত মোট রাজস্ব আদায় হয়েছে ৩২ কোটি ১৭ লক্ষ ৩৮ হাজার ৫৯৫ টাকা ২০ পয়সা।
পুলিশি তদন্তে অভিযোগ উঠেছে, পূর্বতন তৃণমূল সরকারের আমলে ডিসিআর আদায়ের নিয়ন্ত্রণ ছিল তৎকালীন শাসক দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মণ্ডলের হাতে। প্রাপ্য রাজস্বের ১০ শতাংশও সরকারি কোষাগারে জমা পড়ত না বলে অভিযোগ করে এসেছেন বিজেপি নেতারা।
রাজ্যে পালাবদলের পর টুলু মণ্ডলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। তিনি এখনও পলাতক। তাঁর ঘনিষ্ঠদের কয়েকজন গ্রেফতার হয়েছেন। সাম্প্রতিক রাজস্ব আদায়ের পরিসংখ্যানকে প্রশাসনিক সাফল্য হিসেবে তুলে ধরে বীরভূম জেলা প্রশাসন এবং ভূমি ও ভূমি রাজস্ব বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
নতুন গতি 




















