আলিপুরদুয়ার: পুজোর মরশুমেও বক্সা ব্যাঘ্র প্রকল্পে পর্যটন চালু হল না। দশ দফা দাবিতে রাজাভাতখাওয়া চেকপোস্টের সামনে বক্সার ১৮টি গ্রামসভার যৌথ সংগ্রামী মঞ্চের গণ অবস্থান সোমবারও অব্যাহত। আন্দোলনে শামিল হয়েছেন জিপসি চালক, হোমস্টে মালিক ও জঙ্গল গাইডরা। ফলে জঙ্গল সাফারি থেকে বঞ্চিত হচ্ছেন পর্যটকরা।
বন দপ্তর নীরব থাকলেও আন্দোলনে অনড় বিক্ষোভকারীরা। সোমবার গণতান্ত্রিক মহিলা সমিতির আলিপুরদুয়ার জেলা শাখা আন্দোলনকারীদের আর্থিক সাহায্য করে। অরাজনৈতিক মঞ্চের আন্দোলনে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের গণসংগঠনের উপস্থিতিও বাড়ছে।
বনজন শ্রমজীবী মঞ্চের উত্তরবঙ্গের আহ্বায়ক লাল সিং ভুজেল বলেন, “রক্ত ঝরলেও হাসপাতালে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে ফের পথে নামব। এ বার দাবি আদায় করেই ছাড়ব।”
বক্সার অচলাবস্থা নিয়ে কালচিনির বিধায়ক তথা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা বলেন, আন্দোলনকারীদের দাবির প্রতি তাঁর সহানুভূতি রয়েছে। তবে জঙ্গলের সমস্যাগুলি বন দপ্তরকেই মেটাতে হবে।
অন্যদিকে, বনমন্ত্রী জানিয়েছেন, তিনি সুন্দরবনে রয়েছেন। ১৫ অক্টোবর আলিপুরদুয়ার ফিরে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করবেন। কিন্তু তাতে আশ্বস্ত নন আন্দোলনের নেতা অয়ন নাইডু। তাঁর কথায়, বনমন্ত্রীও বনাধিকারিকদের মতো কথা বলছেন। আলোচনায় আর বিশ্বাস নেই, এ বার দাবি পূরণ করতে হবে।
নতুন গতি 






















