বৈষ্ণবনগর: গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারিয়েও ক্ষতিপূরণ অধরা, অথচ অক্ষত পরিবারের অ্যাকাউন্টে বারবার টাকা জমার অভিযোগ। এই বৈষম্যের প্রতিবাদে বুধবার বৈষ্ণবনগর বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন শতাধিক মানুষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারদেওনাপুর-শোভাপুর গ্রাম পঞ্চায়েতের গোলাপ মণ্ডলপাড়া, পারপরানপাড়া, পারঅনুপনগর ও পারলালপুরের বহু পরিবার গঙ্গার ভাঙনে সর্বস্ব হারিয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাচ্ছেন না। অথচ অক্ষত ও সচ্ছল কিছু পরিবারের অ্যাকাউন্টে একাধিকবার টাকা ঢুকেছে।
এদিন বৈষ্ণবনগর হাইস্কুল প্রাঙ্গণ থেকে প্রায় এক থেকে দেড় হাজার নারী-পুরুষের মিছিল বিডিও অফিসে পৌঁছে অবস্থান-বিক্ষোভে শামিল হয়। পরে বিডিও বাপী হালদারের কাছে স্মারকলিপি জমা দিয়ে ক্ষতিপূরণ বণ্টনে অনিয়মের অভিযোগের তদন্ত এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের দ্রুত আর্থিক সাহায্যের দাবি জানান তাঁরা।
বিডিও বাপী হালদার জানান, ভুলবশত অতিরিক্ত বা নিয়মবহির্ভূত টাকা জমা পড়েছে, এমন অ্যাকাউন্ট ইতিমধ্যেই আটকে রাখা হয়েছে। ক্ষতিপূরণ না-পাওয়া পরিবারগুলির কাছ থেকে নির্দিষ্ট ফর্মে নতুন করে আবেদন নেওয়া হবে। নথিপত্র যাচাই করে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ উঠলেও আন্দোলনকারীদের হুঁশিয়ারি, দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
নতুন গতি 






















