খান আরশাদ, বীরভূম:
খয়রাশোল ব্লকের নাকড়াকোন্দা উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের খয়রাশোল ও খয়রাশোল দক্ষিণ চক্রের যৌথ উদ্যোগে প্রথম চক্র সম্মেলন এবং ‘গুরুবন্ধন’ কর্মসূচি পালিত হল। রবিবার দিনভর শিক্ষক-শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাসঙ্ঘের বীরভূম জেলা সভাপতি বামাচরণ রায়, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, জেলা সহ-সভাপতি রূপক মণ্ডল এবং সংগঠনের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। খয়রাশোল দক্ষিণ চক্রের প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক স্তরের বিভিন্ন স্কুলের প্রায় ১৮০ জন শিক্ষক-শিক্ষিকা এই সম্মেলনে যোগ দেন।
সম্মেলনের অন্যতম মূল আকর্ষণ ছিল নতুন চক্র কমিটি ও মণ্ডল কমিটি ঘোষণা। এছাড়াও, বর্তমান শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষার সঠিক প্রসার এবং সমাজ গঠনে শিক্ষক সমাজের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দেশ ও রাজ্যের সামগ্রিক অগ্রগতিতে শিক্ষকরা কীভাবে আরও কার্যকরী ভূমিকা পালন করতে পারেন, সে বিষয়েও মতবিনিময় হয়।
অনুষ্ঠানের অন্তিম পর্বে শিক্ষার মান বৃদ্ধি এবং ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সম্মিলিতভাবে কাজ করার শপথ নেন উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শিক্ষক সমাজের বিভিন্ন দাবিদাওয়া আদায় এবং শিক্ষার সার্বিক উন্নয়নে আগামী দিনে এই ধরনের সাংগঠনিক তৎপরতা আরও জোরালো করা হবে।
নতুন গতি 























