নতুন গতি, মালদা: সীমান্তে শুধু নিরাপত্তার বেষ্টনী নয়, মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার উদ্যোগও জোরদার করছে বিএসএফ। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মানুষের পাশে দাঁড়াতে ১১৯ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে শশানি জুনিয়র হাই স্কুলে আয়োজিত হল সিভিল অ্যাকশন কর্মসূচি। শিক্ষা, স্বাস্থ্য ও স্বনির্ভরতার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে সামনে রেখেই বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়।
কর্মসূচিতে এলাকার কমিউনিটি হলের জন্য ৫৮টি চেয়ার, ১০টি সেলাই মেশিন, গোলাপগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রের জন্য একটি ইকো মেশিন এবং দুটি হুইলচেয়ার তুলে দেওয়া হয়। পাশাপাশি তিনটি স্কুলের পড়ুয়াদের জন্য ১৪২টি স্কুলব্যাগ এবং চারটি স্কুলের জন্য চারটি আলমারি-সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
সীমান্ত এলাকার মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটানো, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং স্বনির্ভরতার সুযোগ বাড়ানোর ক্ষেত্রে এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ। নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি জনকল্যাণমূলক কাজের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ ও আস্থা বাড়ানোই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের ১১৯ নম্বর ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট জীবন কিশোর গুপ্ত, মালদা সদর দপ্তরের কমান্ড্যান্ট ওম প্রকাশ, কালিয়াচক-৩ ব্লকের বিডিও বাপি হালদার, গোলাপগঞ্জ ফাঁড়ির ওসি রামচন্দ্র সাহা, গ্রাম পঞ্চায়েতের সদস্য-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
নতুন গতি 





















