মালদা: সোনার গয়না দেখার নাম করে দোকান থেকে প্রায় ১ লক্ষ ৭২ হাজার টাকা মূল্যের সোনার চেন চুরির অভিযোগে কলকাতা থেকে দুই মহিলাকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার হয়েছে ১২ গ্রাম ওজনের চুরি যাওয়া সোনার চেন। গত ৮ অক্টোবর ইংরেজবাজারের বিএস রোডে স্বর্ণ ব্যবসায়ী সুশান্ত নিয়োগীর দোকানে ঘটনাটি ঘটে। অভিযোগ, গয়না দেখার ছলে চেন চুরি করে পালিয়ে যায় দুই মহিলা। বিএস রোডের পরপর তিনটি দোকানে তাদের ঢোকার ছবি ধরা পড়ে সিসি ক্যামেরায়। সেই ফুটেজ পুলিশের হাতে তুলে দেন ব্যবসায়ীরা।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। আইসি পঙ্কজ সিংয়ের নির্দেশে অফিসার আনসারুল হকের নেতৃত্বে একটি দল কলকাতা থেকে সোনিয়া ইয়াসমিন (৩৮), উত্তর ২৪ পরগনার বুনারটির বাসিন্দা, এবং মুমতাজ বিবি (৫২), কলকাতার ধর্মতলার বাসিন্দাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। চুরির ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। চেন উদ্ধার ও দুই মহিলাকে গ্রেপ্তারের জন্য পুলিশ এবং সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার।
নতুন গতি 






















