রহমতুল্লাহ, মুর্শিদাবাদ: ঐতিহ্যবাহী জিয়াগঞ্জ রাজা বিজয় সিংহ বিদ্যামন্দিরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রাজা বিজয় সিংহ দুধোরিয়ার আবক্ষ মূর্তি উন্মোচন করা হলো। বিদ্যালয়ের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মূর্তিটির উন্মোচন করেন ডিআই জয়ন্ত হালদার।
উল্লেখ্য, ১৯০২ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় দীর্ঘ ১২৫ বছর ধরে জিয়াগঞ্জ তথা মুর্শিদাবাদের শিক্ষা ও সমাজজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য রাজা বিজয় সিংহ দুধোরিয়া জমি দান করেছিলেন। তাঁর সেই অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে।
মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর দেবনাথ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, শিক্ষক ও লেখক অভিজিৎ দত্ত-সহ শিক্ষক-শিক্ষিকা এবং বিশিষ্ট ব্যক্তিরা। প্রাক্তন ছাত্র অভিজিৎ দত্তের সহযোগিতায় এই আবক্ষ মূর্তি স্থাপন ও উন্মোচনের উদ্যোগ নেওয়া হয়।
বিদ্যালয়ের ১২৫তম বর্ষে প্রতিষ্ঠাতার আবক্ষ মূর্তি উন্মোচন ঘিরে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং প্রাক্তনীদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার স্মৃতি ও তাঁর শিক্ষাক্ষেত্রে অবদানকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন উপস্থিত সকলে।
এ বিষয়ে শিক্ষক ও লেখক অভিজিৎ দত্ত বলেন, তিনি বিভিন্ন বিদ্যালয়ে সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন। বিভিন্ন স্কুলের উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করার সুযোগ পেলে তিনি আনন্দ পান। এর আগেও তিনি একাধিক বিদ্যালয়ে এমন কাজে সহযোগিতা করেছেন। জিয়াগঞ্জ রাজা বিজয় সিংহ বিদ্যামন্দিরে প্রতিষ্ঠাতার আবক্ষ মূর্তি স্থাপনে সহযোগিতা করতে পেরে তিনি আনন্দিত বলেও জানান।
নতুন গতি 






















