নতুন গতি প্রতিবেদন, মালদা: পুজোর ছুটি চলাকালীন রেলযাত্রীদের ভির সামলাতে বড় পরিকল্পনা রেলের। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে চালানো হবে দুটি জোড়া পুজো স্পেশাল ট্রেন। একটি কলকাতা-নিউ জলপাইগুড়ি রুটে, যা চলবে সপ্তাহে দুইদিন এবং অপরটি হাওড়া-লামডিং রুটে, যা চলবে সপ্তাহে একদিন। ট্রেনের টিকিট বুকিং এখনও শুরু না হলেও পূর্ব রেল প্রকাশ করে দিয়েছে স্পেশাল ট্রেনের সময়সূচি।
০৩০০৫ হাওড়া-লামডিং চালু হবে আগামী ১৬ অক্টোবর এবং চলবে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতি শুক্রবার হাওড়া থেকে ৭.১৫-তে ট্রেনটি ছাড়বে এবং পরের দিন সকাল ৮টায় লামডিং পৌঁছাবে। এদিকে ০৩০০৬ লামডিং-হাওড়া চলবে ১৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত। শনিবার সকাল ১১টায় লামডিং থেকে ছেড়ে পরের দিন দুপুর সাড়ে ১২টায় হাওড়া পৌঁছাবে। দুটিতেই থাকবে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীততাপ নিয়ন্ত্রিত কোচ।
অন্যদিকে, ০৩১২৯ কলকাতা–নিউ জলপাইগুড়ি পুজো স্পেশাল ১৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সপ্তাহে শনি ও রবিবার চলবে। কলকাতা থেকে ট্রেন ছাড়বে রাত ১১.১০এ এবং পরের দিন নিউ জলপাইগুড়ি পৌঁছাবে সকাল ১০.৪৫এ। ০৩১৩০ নিউ জলপাইগুড়ি–কলকাতা রবিবার ও সোমবার দুপুর ১২:৪৫-এ নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে এবং পরদিন কলকাতা পৌঁছাবে রাত ১২.৪০এ। ট্রেনটি ১৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।
নতুন গতি 



















