মালদা: সপ্তাহ না ঘুরতেই পুরাতন মালদার মঙ্গলবাড়ির নলডুবিতে একই গোডাউন থেকে ফের বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল বিএসএফ ও পুলিশ। উদ্ধার হয়েছে মোট ৫৭ হাজার ৬০০ বোতল কাফ সিরাপ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নারায়ণপুরের ২৯ নম্বর বিএসএফ ব্যাটালিয়ন ও মালদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালায়। নলডুবির ওই গোডাউনে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪০০ পেটি কাফ সিরাপ। প্রতিটি পেটিতে ছিল ১৪৪টি করে বোতল। উদ্ধার হওয়া সিরাপের আনুমানিক বাজারমূল্য কোটি টাকার বেশি বলে জানা গিয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই বিপুল পরিমাণ সিরাপ মজুত করা হয়েছিল। সূত্রের খবর, গত ২ অগস্ট একই এলাকা থেকে প্রায় আড়াই কোটি টাকা নগদ ও কাফ সিরাপ উদ্ধারের ঘটনার সঙ্গে এই উদ্ধারের যোগ থাকতে পারে। ধৃত মাদক কারবারি পিন্টু সরকারের মজুত করা সামগ্রীই এগুলি কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কে বা কারা এই পাচারচক্রের সঙ্গে জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও বিএসএফ। উদ্ধার হওয়া কাফ সিরাপ বিএসএফের হেফাজতে নেওয়া হয়েছে।
নতুন গতি 




















