নতুন গতি প্রতিবেদন, দক্ষিণ দিনাজপুর: ছাগল চোর সন্দেহে দুই ব্যক্তিকে গণপিটুনির হাত থেকে উদ্ধার করতে গিয়ে দুষ্কৃতীদের হামলার মুখে পুলিশের পড়া ঘিরে চাঞ্চল্য ছড়ায় নেপাল সীমান্তবর্তী বিহারের কিশনগঞ্জ জেলার টেরাগছ থানা এলাকায়। এখানেই শেষ নয়, পুলিশের গাড়িতে ভাঙচুর পর্যন্ত চালানো হয়। এরপর জেলা পুলিশ সুপার সন্তোষ কুমার সিট গঠনের নির্দেশ দেয়। সারারাত অভিযান চালিয়ে তারা মোট ৭ জনকে গ্রেপ্তার করে। শনিবার আদালত তাঁদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেপাজতে কিশনগঞ্জ জেলে পাঠানোর নির্দেশ দেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার সন্ধ্যা নাগাদ রঙ্গিচক ফারাবাড়ী গ্রামের বাসিন্দারা দুজনকে বেধড়ক মারধর করা শুরু করে ছাগল চোর সন্দেহে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় টেরাগছ থানার টহলদারি পুলিশের এক দল এবং গণপিটুনির শিকার দুই ব্যক্তিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। ঠিক তখনই কয়েকজন দুষ্কৃতী পুলিশের ওপর চড়াও হয় এবং তাদের গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালায়। পদক্ষেপ নেওয়ার আগেই হামলাকারীরা বাইকে চেপে পালন। ঘটনায় একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়।
পুলিশ সুপার সন্তোষ কুমারের সাফ বার্তা, এমন ঘটনা কোনমতেই বরদাস্ত করা হবে না। এসপির নির্দেশে রাতেই এলাকায় তল্লাশি চালিয়ে ৭ জনকে গ্রেফতার করে সিট। শনিবার তাঁদের আদালতে তোলা হলে ১৪ দিনের বিচার বিভাগীয় হেপাজতের নির্দেশ দেওয়া হয়। জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ ও ছবি খতিয়ে দেখে আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং বাকি পলাতকদের জালে আনতে অব্যাহত পুলিশি অভিযান।
নতুন গতি 




















