চন্দ্রকোনা: টানা নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা। একাধিক গ্রামে জল ঢুকে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। তলিয়ে গিয়েছে বিঘার পর বিঘা ধানের জমি। আচমকা বন্যায় ব্যাপক ফসলের ক্ষতির আশঙ্কায় মাথায় হাত চাষিদের।
পরশু থেকেই চন্দ্রকোনার জগন্নাথপুর, যদুপুর, ছোট ও বড় অঙ্গনার একাংশ, বাঘপোতা এবং মনসাতলার চাতালের মতো নিচু এলাকাগুলিতে হু হু করে জল ঢুকতে শুরু করে। বর্তমানে বহু জমি জলের তলায়। এই সময়ে ধান গাছে থোড় আসার কথা। ফলে ফলন আসার মুখে জমি জলের তলায় চলে যাওয়ায় চরম ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
শুধু কৃষিজমিই নয়, জল ঢুকে পড়েছে গ্রামের রাস্তাঘাটেও। বিভিন্ন জায়গায় রাস্তার উপর দিয়ে জল বইছে। বহু বাড়ির চারপাশ জলমগ্ন হয়ে পড়েছে। ফলে চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। স্থানীয়দের আশঙ্কা, এলাকা নিচু হওয়ায় জমা জল দ্রুত না নামলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বাড়তে পারে জনদুর্ভোগ এবং কৃষিজমির ক্ষয়ক্ষতির পরিমাণও।
বৃষ্টির দাপট কমলেও দ্রুত জল না নামলে ধানের ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা চাষিদের। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং জল নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
নতুন গতি 























