এম এস ইসলাম: আকভান -এর মতো প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের কৃষি প্রধান জেলা পূর্ব বর্ধমানে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একটানা বৃষ্টির কারণে একদিকে আমন, অন্যদিকে সুগন্ধি গোবিন্দভোগ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। একই সঙ্গে আলু ও অনান্য সবজির ক্ষতি ডেকে এনেছে। সেইসব ক্ষতির খোঁজখবর করে এবার রিপোর্ট প্রকাশ করা হল কৃষি দপ্তরের পক্ষ থেকে। ওই রিপোর্ট অনুযায়ী জেলাতে প্রায় দু’হাজার হেক্টর জমিতে জলের জন্য ফসলের ক্ষতি হয়েছে। একটানা প্রায় ৩৬ ঘন্টা ধরে পূর্ব বর্ধমান জেলা জুড়ে বৃষ্টি হয়েছে। আর জলের প্রভাবে বেশিরভাগ অঞ্চলে ফসলের জমি জলের তলায় চলে গিয়েছে। বেশিরভাগ পঞ্চায়েত এলাকায় ধান, আলু তো বটেই, শীতের সবজি, এমনকি ফুল চাষেও ক্ষতি ডেকে এনেছে।
জানা গিয়েছে, আকভান-এর আগেই জেলার বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকায় ধান কাটার কাজ যেমন শুরু হয়, একই সঙ্গে আলু বসানোর কাজও শুরু হয়েছিল। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, ওইসব ক্ষেত্রে ক্ষতি সবচেয়ে বেশি হবার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম জানান, জমি থেকে জল নেমে গেলেও সমস্যা আছে। কারণ জলে কাদায় ধানের জমিতে হারভেস্টার যন্ত্র নামানোয় খুবই সমস্যা হবে। অন্যদিকে খেতমজুরের অভাবে দ্রুত ধান কাটার কাজও হবে না। তিনি জানান, ধান কাটার কাজ দেরিতে হলেই সেই জমিতে আলু বসানোর কাজে দেরি হবে। এছাড়াও জলের জন্য জমিতে কাদা থাকায় বীজ আলু বসানো যাবে না। যত দেরি হবে ফলনে মার খাবে। একই সঙ্গে রোগ পোকার আক্রমণ হবার আশংকা রয়েছে। ফলে খরচও বাড়বে। তাঁর মতে, অসময়ের অকাল বৃষ্টি মানেই এককথায় ক্ষতি।
এদিকে জেলা কৃষি দপ্তরের রিপোর্টে দেখা যাচ্ছে অকাল বৃষ্টি ৪৭ টি গ্রাম পঞ্চায়েতের ৩৮৬ টি মৌজায় ফসলের ব্যাপক ক্ষতি ডেকে এনেছে। চাষিরা জানাচ্ছেন, কয়েকশো একর ধানের জমিতে জল দাঁড়িয়ে যাওয়ায় গোবিন্দভোগ এবং স্বর্ণ— দুটি ধানেরই ক্ষতি হয়েছে। কালনা, কাটোয়া, মঙ্গলকোট, ভাতার, জামালপুর, রায়না, খণ্ডঘোষ, মেমারি, গলসি, কেতুগ্রাম—প্রায় সব এলাকাতে ক্ষতি কোনও অংশে কম নয়। বেশ কয়েকটি এলাকায় শীতের কাঁচা সবজি জলের তলায় চলে গিয়েছে। কালনা মহকুমার পূর্বস্থলীতে ফুল চাষের জমিতে জল জমে যাওয়ায় সেখানেও চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক চাষি জানান, আর কদিন বাদে আমন ধান কেটে ঘরে তোলা হত। কিন্তু অকাল বৃষ্টির কারণে জল জমে রয়েছে। ফলে আর ঘুরে দাঁড়ানোর সম্ভবনা নেই। সকলেই সরকারি সাহায্যের আবেদন রেখেছেন। কাটোয়া মহকুমা কৃষি দপ্তরের পক্ষ থেকেও জমিতে পরিদর্শন শুরু হয়েছে। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে রিপোর্ট পাঠানো হবে বলে জানানো হয়েছে।
পূর্ব বর্ধমান জেলা কৃষি দপ্তরের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী পূর্ব বর্ধমানে আংশিকভাবে ১৮০০ হেক্টর জমিতে আমন ধানের ক্ষতি হয়েছে। এছাড়াও যে ৪৭৮ হেক্টর জমিতে আলু বসানোর কাজ হয়েছে, তার মধ্যে ৬৫ হেক্টরে ক্ষতি ডেকে এনেছে। ২০ হেক্টর জমিতে সর্ষে চাষে ক্ষতি হয়েছে। তবে প্রায় ৬০ হাজার হেক্টর জমিতে গোবিন্দভোগ, অর্থাৎ সুগন্ধি ধানের ক্ষতিতে চাষিরা বিপর্যস্ত বলে দাবি করা হয়। দুদিনের বৃষ্টিতে বেশিরভাগ এলাকায় ধানের জমির পাশাপাশি আলুর জমিও জলে ডুবে গিয়েছে। জল না নামলে আলু চাষ শুরু করা যাবে না। এর ফলে বেশ কিছুটা সময় পার হবার আশংকা রয়েছে। জেলায় প্রায় ৭০ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়। বেশিরভাগ চাষ হয় জামালপুর, মেমারি, কালনা ব্লকের বিভিন্ন এলাকায়। সেখানকার চাষিরা জানান, আলু বসানোর জমি তৈরি করার পর সেই জমিতে জল ঢুকে গিয়েছে। তাই জমি থেকে জল না সরলে আলু বসানো যাবে না। আবার যে সব জমিতে আলু বসানো হয়ে গিয়েছে, সেগুলোর বীজ আলু পচে যাবার আশংকা রয়েছে। সব মিলিয়ে আলু চাষ এবার পিছিয়ে যাবার সম্ভবনা তৈরি হয়েছে।
নতুন গতি 



















