মালদা: বিশিষ্ট আইনজীবী শামীম আহমেদ, সায়ন ব্যানার্জী এবং মহিলা আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে সোমবার মালদায় পথে নামলেন আইনজীবীরা। অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে এদিন শহরে প্রতিবাদ ও ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়।
মালদা আদালত চত্বরের মূল গেট থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মিছিলে আইনজীবীদের উপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। অভিযুক্ত দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান আন্দোলনকারীরা।
এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইয়াসিন মহলদার, সেক্রেটারি দীপক ব্যানার্জী, রাজ্য কমিটির সদস্য অনিক ভট্টাচার্য-সহ অন্যান্য আইনজীবীরা। বক্তারা বলেন, আইনজীবীদের উপর হামলার ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এই ধরনের ঘটনা আইনজীবীদের নিরাপত্তা এবং বিচার ব্যবস্থার পরিবেশ নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।
আইনজীবীদের দাবি, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি পদক্ষেপ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে আইনজীবী ও মহিলা আইনজীবীদের নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে বিষয়েও প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
নতুন গতি 





















