নতুন গতি, সিঙ্গুর: দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’-এর পাস বিক্রি সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তে মঙ্গলবার সিঙ্গুরে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাগানবাড়ি ‘মোহর’-এ তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তিনটি গাড়িতে ইডির আধিকারিকরা সকালে সিঙ্গুরের বাগডাঙা ছিনামোর গ্রাম পঞ্চায়েতের ছুটিপুর এলাকায় পৌঁছন। কলকাতা-সহ একাধিক জায়গাতেও একইসঙ্গে অভিযান চলছে বলে জানা গিয়েছে।
ইডির তল্লাশির খবর ছড়িয়ে পড়তেই ‘মোহর’-এর সামনে স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীদের একাংশ জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, ইন্দ্রনীল সেনকে গ্রেপ্তার করতে হবে এবং বাগানবাড়ি তৈরির সঙ্গে যুক্ত আর্থিক লেনদেনেরও তদন্ত করা প্রয়োজন।
স্থানীয় সূত্রের দাবি, প্রায় সাত-আট বছর আগে ছুটিপুরে প্রায় দুই একর জমি কিনে তৈরি হয় ওই বাগানবাড়ি। নাম দেওয়া হয় ‘মোহর’। স্থানীয় বাসিন্দা শচীন বিশ্বাস বলেন, “এত বড় সম্পত্তি, বিল্ডিং ও বাগানবাড়ি তৈরি হয়েছে। এর তদন্ত হওয়া উচিত।”
সিঙ্গুর মণ্ডল-২-এর বিজেপি সভাপতি উজ্জ্বল খামারুর অভিযোগ, “ইডি-সিবিআই একদিন আসবে, এটা প্রত্যাশিতই ছিল। দীর্ঘদিন ধরে ‘মোহর’কে কেন্দ্র করে দুর্নীতি হয়েছে বলে আমাদের অভিযোগ।” তাঁর আরও দাবি, বাগানবাড়িতে যাওয়ার জন্য পঞ্চায়েতের টাকায় রাস্তা তৈরির বিষয়টিও তদন্ত করা প্রয়োজন। অভিযোগগুলির স্বাধীন সত্যতা অবশ্য তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
নতুন গতি 




























