লক্ষ্ণৌ ও নয়াদিল্লি: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ার আগেই বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের অন্দরে ফাটল স্পষ্ট হয়ে উঠল। আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের সঙ্গে দফায় দফায় আলোচনা চলাকালীনই একতরফাভাবে রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে দিল সমাজবাদী পার্টি (সপা)। অখিলেশ যাদবের দলের এই আকস্মিক পদক্ষেপ এবং কংগ্রেসকে মাত্র ২৬টি আসন ছাড়ার প্রস্তাবকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের রাজনীতিতে তীব্র টানাপোড়েন শুরু হয়েছে। জোটের বড় শরিকের এই মনোভাবকে ‘জোটধর্ম ভঙ্গ’ বলে আখ্যা দিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেছেন উত্তরপ্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি তথা সাংসদ ইমরান মাসুদ। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, “আমরা কি ভিখারী?”
উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসনে ২০২৭ সালে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ২০১৭ সাল থেকে রাজ্যের ক্ষমতায় থাকা বিজেপিকে রুখতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সাফল্যকে পাথেয় করে জোটবদ্ধ লড়াইয়ের পরিকল্পনা করেছিল সপা ও কংগ্রেস। কিন্তু আসন বণ্টনের প্রাথমিক স্তরেই দু’দলের সংঘাত প্রকাশ্যে চলে এল। রাজনৈতিক মহল সূত্রে খবর, প্রদেশ কংগ্রেসের তরফে রাজ্যের প্রায় ১৩০টি আসনের একটি তালিকা সমাজবাদী পার্টির কাছে জমা দেওয়া হয়েছিল। কিন্তু পাল্টা হিসেবে সপা কংগ্রেসকে মাত্র ২৬টি আসন ছাড়ার প্রস্তাব দেয়। মঙ্গলবার দিল্লিতে দু’দলের নেতাদের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকেও এই নিয়ে কোনও রফাসূত্র বেরোয়নি, বরং মতপার্থক্য আরও প্রকট হয়ে উঠেছে।
বৈঠকের রেশ কাটতে না কাটতেই সমাজবাদী পার্টি তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে দেয়। এই তালিকায় সাহারানপুরের বেহাত কেন্দ্র থেকে উমর আলি খান, সাহারানপুর থেকে আশু মালিক, শামলির কাইরানা থেকে নাহিদ হাসান, আমরোহা থেকে মেহবুব আলি এবং ললিতপুর থেকে জ্যোতি লোধীকে প্রার্থী করা হয়েছে। আর এই তালিকা প্রকাশ্যে আসতেই তেলেবেগুনে জ্বলে উঠেছেন সাহারানপুরের কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। নিজের জেলার অন্তর্গত বেহাত এবং সাহারানপুর—এই দুটি আসনেই কংগ্রেসের প্রার্থী দেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। পাশাপাশি, উত্তরপ্রদেশে কংগ্রেসের আগামী নির্বাচনী রণকৌশলে সাহারানপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত ছিল। আগামী ডিসেম্বর মাসে এই সাহারানপুর থেকেই রাহুল গান্ধীর নির্বাচনী প্রচার অভিযান শুরু করার কথা ছিল। তার আগেই সপা সেখানে একতরফাভাবে প্রার্থী ঘোষণা করায় ক্ষুব্ধ কংগ্রেস শিবির। নিজের ক্ষোভ গোপন না রেখে ইমরান মাসুদ সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, “আমি কিছুই বুঝতে পারছি না। আমরা কি ভিখারী? আপনারা কি আমাদের এরকম চোখেই দেখবেন? আমরা আসন নিয়ে দাবি করার আগেই আপনারা আমাদের জন্য ২৬টি আসন বরাদ্দ করে দিলেন? তাহলে এটাই আপনাদের কাজের ধরন। আপনারাই সবকিছু ঠিক করে দেবেন। সেটাই যদি হয়, তবে আমার মতো যাঁদের আত্মসম্মান আছে, তাঁদের মাথায় এসব ঢুকবে না।” কংগ্রেস সূত্রে খবর, মাসুদ এখনও অনড় যে বেহাত ও সাহারানপুর কেন্দ্রে কংগ্রেসকেই প্রার্থী দিতে হবে। অন্যদিকে, সমাজবাদী পার্টি শিবির থেকে গোটা বিষয়টিকে ‘জয়ের সম্ভাবনা’র নিরিখে ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে। সপা সাংসদ রাজীব রাই কংগ্রেসকে ২৬টি আসনের প্রস্তাব দেওয়ার কথা জানালেও উত্তরপ্রদেশ কংগ্রেস সভানেত্রী আরাধনা মিশ্র-মোনা দাবি করেছেন, এমন কোনও আনুষ্ঠানিক প্রস্তাবের বিষয়ে তিনি অবগত নন এবং দু’দল আলাদাভাবে আসনগুলি নিয়ে আলোচনা করেছে মাত্র।
এই বিতর্কের আবহেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (পূর্বতন টুইটার) সপা প্রধান অখিলেশ যাদব বার্তা দিয়েছেন, “আজ ২৬টি আসন নিয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি আর কোন কোন সম্ভাব্য আসনে আপনারা লড়তে চান, তা চিহ্নিত করে আমাদের পাঠান। এরপর আমরা একসঙ্গে বসে খতিয়ে দেখব কোন আসনে এবং কোন প্রার্থীর জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি।” সপা নেতাদের সাফ বক্তব্য, কোন দল ক’টি আসন পেল তার চেয়েও প্রার্থীর জয়ের ক্ষমতাই জোটের মূল বিবেচ্য বিষয় হওয়া উচিত। আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি এবং জট কাটাতে আরও কয়েক দফা বৈঠকের প্রয়োজন রয়েছে বলেই মনে করছে উভয় পক্ষ। কিন্তু ভোটের অনেক আগেই সপার এই ‘চাপ সৃষ্টির কৌশল’ এবং কংগ্রেসের পাল্টা ‘আত্মসম্মানের’ লড়াই উত্তরপ্রদেশে বিরোধী জোটের ঐক্যবদ্ধ লড়াইয়ের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিল।
নতুন গতি 













