নতুন গতি, আসানসোল: বোলপুরের পর আসানসোল। পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে উধাও অভিযুক্ত। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য পড়ে গিয়েছে। অভিযুক্ত প্রতাপ দাসকে ধরতে তার গ্যাংয়ের ২০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। কোন গোপন আস্তানায় প্রতাপ নিজেকে আড়াল করে রেখেছে, তাঁর খোঁজ পেতে নাস্তানাবুদ অবস্থা তদন্তকারীদের। এদিকে অভিযুক্তর স্ত্রী জানান, কোনও অভিযোগ ছাড়াই পুলিশ তাঁর স্বামীকে বারবার হেনস্থা করতে গ্রেফতার করে। তিনি গুলি চালিয়েছেন কি না তাঁর জানা নেই। পুলিশের বক্তব্য, একাধিক গুরুতর অভিযোগ আছে প্রতাপ দাসের বিরুদ্ধে। বহুদিন ধরেই তাঁকে ধরার চেষ্টা করা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে ধরতে গেলে তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে উধাও হন। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে।
সম্প্রতি বোলপুরে পুলিশকে গুলি ছুঁড়ে আহত করে উধাও হয়েছিলেন রতন শেখ। তাঁকে তৃণমূলের গুন্ডা বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। পরদিনই অভিযুক্তকে গ্রেফতার করার পর এনকাউন্টার করে দেওয়া হয়। এবার পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানো প্রতাপ দাস এখনও অধরা। রাতভর তল্লাশি অভিযানে প্রতাপের ঘনিষ্ঠ প্রায় ২০ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে প্রতাপের গোপন আস্তানার খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।
পশ্চিম বর্ধমানের আসানসোলের বাসিন্দা প্রতাপ। একটি সাইবার প্রতারণার মামলায় নাম জড়িয়েছে তাঁর। তাঁকে ধরতে বুধবার আসানসোলের হিরাপুরে অভিযানে নেমেছিল আসানসোল দক্ষিণ এবং হিরাপুর থানার পুলিশ। কিন্তু পুলিশকে দেখেই গুলি চালিয়ে এলাকা থেকে পালিয়ে যান অভিযুক্ত। রাতভর তল্লাশি চালিয়ে খোঁজ মেলেনি প্রতাপের।বৃহস্পতিবারও সেই তল্লাশি অভিযান চলে। সন্ধ্যা পর্যন্ত তদন্তকারীরা ব্যর্থ প্রতাপের সন্ধান পেতে। প্রতাপকে ধরতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একাধিক থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। তারপরও প্রতাপের গোপন ডেরার হদিশে পাওয়া যায়নি। তদন্তকারীরা মনে করছেন, প্রতাপ এখনও শহরের বাইরে পালাতে পারেননি। প্রতাপের বাড়ির সামনে পুলিশ পিকেট বসানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কোনওভাবে যোগাযোগের চেষ্টা করছেন কি না, নজরদারি চালাচ্ছে পুলিশ। ‘প্রতাপ-ঘনিষ্ঠ’ ২০ জনকে আটক করেও প্রতাপের সম্ভাব্য আস্তানা খুঁজে বার করতে ব্যর্থ তাঁরা।
তদন্তকারী অফিসারদের ধারণা, প্রতাপের বাড়ির পিছনে ঘন জঙ্গল রয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে ওই পথ ধরেই পালিয়ে যেতে পারে প্রতাপ। রাতে ওই জঙ্গলেই আত্মগোপন করে থাকতে পারেন প্রতাপ। প্রতাপের পালানোর সম্ভাব্য পথ চিহ্নিত করতে সিসি ক্যামেরার ফুটেজও পরীক্ষা করে দেখা হচ্ছে। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার প্রণব কুমার বলেন, অভিযুক্ত গুলি চালিয়ে পালিয়ে গিয়েছে। তবে কোনও পুলিশকর্মীর গায়ে সেই গুলি লাগেনি। আমরা ওই অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে যথাযথ ব্যবস্থা নেব। অভিযোগ, অল্প বয়স থেকেই বিভিন্ন বেআইনি কারবারে হাত পাকিয়েছিলন প্রতাপ। বেআইনিভাবে লোহা পাচার থেকে শুরু করে তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগও রয়েছে। রয়েছে সাইবার প্রতারণার অভিযোগও।
নতুন গতি 

















