মালদা: মোবাইলের পর্দায় বন্দি বর্তমান প্রজন্মকে সংবাদপত্র পড়ার অভ্যাস ফিরিয়ে দেওয়ার বার্তা নিয়ে ৩০তম বর্ষে ঘোড়াপীর সার্বজনীন দুর্গোৎসব কমিটির থিম ‘নবীকরণ’। মঙ্গলবার রাতে ফিতে কেটে পুজোমণ্ডপের উদ্বোধন করেন বিধানসভার মুখ্য সচেতক তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান অম্লান ভাদুড়ি। উপস্থিত ছিলেন ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি কর্মকার, ক্লাব সভাপতি সন্তোষ কর্মকার, সম্পাদক কমল ঘোষ-সহ অন্যান্যরা। এদিন শতাধিক দুঃস্থ মহিলার হাতে নতুন বস্ত্রও তুলে দেওয়া হয়।
কয়েক হাজার খবরের কাগজ দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। সাইকেলে চেপে হকারের বাড়ি বাড়ি সংবাদপত্র পৌঁছে দেওয়া, চায়ের দোকানে আড্ডা কিংবা সেলুনে বসে খবর পড়ার মতো হারিয়ে যেতে বসা পরিচিত দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন মডেলে।
মোবাইলের বাড়বাড়ন্তে সংবাদপত্র পড়ার অভ্যাস কমার পাশাপাশি আর্থিক সংকটে পড়ছেন হকাররাও। পুরনো সেই অভ্যাস ও ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি সংবাদপত্র বিক্রেতাদের দুরবস্থার দিকটিও তুলে ধরেছে এই থিম।
স্থানীয় শিল্পীদের হাতে তৈরি হয়েছে মণ্ডপ। প্রতিমা গড়েছেন গাজোলের মৃৎশিল্পী। সঙ্গে রয়েছে চন্দননগরের নজরকাড়া আলোকসজ্জা। অভিনব এই আয়োজনে দর্শনার্থীদের মন জয়ের আশা উদ্যোক্তাদের।
নতুন গতি 





















