খান আরশাদ:
বীরভূম ও পার্শ্ববর্তী জেলার সড়ক পরিকাঠামোর উন্নয়নের দাবিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়ীর হাতে স্মারকলিপি তুলে দিল বীরভূমের বিজেপি প্রতিনিধিদল। মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে জেলার দীর্ঘদিনের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বিশেষভাবে মোড়গ্রাম–পানাগড় সিক্স লেন জাতীয় সড়ক প্রকল্পের কাজ দ্রুত শুরু ও সম্পূর্ণ করার পাশাপাশি সাঁইথিয়া–বোলপুর জাতীয় সড়কের উন্নয়ন এবং সাঁইথিয়া–বহরমপুর সড়কের নির্মাণ ও আধুনিকীকরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের জনপথ (PWD) মন্ত্রী অজয় পোদ্দার। বিজেপি প্রতিনিধিদলে ছিলেন বীরভূম জেলা সভাপতি উদয় শংকর ব্যানার্জি, বিধায়ক ধ্রুব সাহা, কৃষ্ণকান্ত সাহা, অমিত সামন্ত এবং বিজেপির রাজ্য কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক অরূপ চৌধুরী।
প্রতিনিধিদলের বক্তব্য, দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা এই সড়ক প্রকল্পগুলি বাস্তবায়িত হলে বীরভূম-সহ আশপাশের জেলার যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। এর ফলে শিল্প, কৃষি, বাণিজ্য ও পর্যটন ক্ষেত্র নতুন গতি পাবে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও দ্রুত, নিরাপদ ও সুবিধাজনক হবে। জনস্বার্থের কথা বিবেচনা করে প্রকল্পগুলির দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে জোরালো আবেদন জানানো হয়েছে।
নতুন গতি 



















