আনজুম মুনির, কলকাতা: তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম, পচা টমেটো ও গোবর ছুড়ল উত্তেজিত জনতা। আজ তাঁকে আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়ার সময় বিধাননগর নর্থ থানার সামনে এই ঘটনা ঘটে। আদালত চত্বরেও তাঁকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওঠে ‘চোর চোর’ স্লোগান।
সোমবার গভীর রাতে রাজারহাটের ২১১ রোড লাগোয়া রাইগাছি এলাকার একটি অভিজাত আবাসন থেকে গ্রেপ্তার করা হয় বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে। তাঁর বিরুদ্ধে তোলাবাজি-সহ দিনের পর দিন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বিভিন্ন সময় সব্যসাচী দত্ত অভিযোগকারীকে টাকা দেওয়ার জন্য চাপ দিতেন বলেও অভিযোগ।
তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। এরপরেই সোমবার গভীর রাতে রাইগাছি এলাকার একটি অভিজাত আবাসনে হানা দিয়ে সব্যসাচীকে গ্রেপ্তার করা হয়। আজ সকাল থেকে বিধাননগর উত্তর থানার বাইরে ভিড় জমাতে থাকেন স্থানীয়রা। তাঁদের হাতে ছিল গোবর, পচা টমেটো এবং ডিম। সব্যসাচীকে আদালতে পেশের জন্য থানা থেকে বের করা হলেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম, পচা টমেটো ও গোবর। ওঠে ‘চোর’, ‘তোলাবাজ’ স্লোগান। সেই অবস্থায় তাঁকে আদালতে পেশ করে পুলিশ। আদালত চত্বরেও তাঁকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও সব্যসাচীর দাবি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।
নতুন গতি 





















