নতুন গতি প্রতিবেদন, জলপাইগুড়ি: কলকাতা উচ্চ আদালতে বড় জয় কালীঘাট তৃণমূলের। সরিয়ে দেওয়া হল জলপাইগুড়ির পুর প্রশাসককে। শুধু তাই নয়, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি রাজা বসু চৌধুরীর সিঙ্গল বেঞ্চের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বোর্ড অব কাউন্সিলরদের পুরবোর্ড চালানোর।
এই প্রসঙ্গে আইনজীবী বিক্রমাদিত্য ঘোষ বলেছেন, “রাজ্য সরকার পুরসভার কাউন্সিলরদের শোকজ করেছিল অচলাবস্থা নিয়ে । শোকজের উত্তর দেওয়ার জন্য পাঁচদিন সময় দেওয়া হয়েছিল । এরপর পাঁচদিনের শোকজের উত্তর না-পেয়ে ফের শোকজ করা হয় ৷ তাতে বলা হয়, তিনদিনের মধ্যে উত্তর দিতে হবে । বিচারপতি দেখেছেন, শোকজের উত্তর দেওয়ার সময়সীমা খুব কম ছিল । পাশাপাশি কোন রিপোর্টের ভিত্তিতে শোকজ সেটাও কাউন্সিলররা জানতে পারেননি । তাই কাউন্সিলররা আত্মপক্ষ সমর্থনের জায়গা পাননি । তাই আজ বিচারপতি প্রশাসক নিয়োগকে অবৈধ বলেন । প্রশাসক আর রইল না । পাশাপাশি বোর্ড অব কাউন্সিলরদের বোর্ড চালানোর নির্দেশ দেন বিচারপতি রাজা বসু চৌধুরী।”
মমতাপন্থী তৃণমূল কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “সত্যের জয় হল । যদিও আমরা এখনও অর্ডার হাতে পায়নি । তবে আমাদের যে দাবি ছিল সেটা আদালত মেনে নিয়েছে । প্রশাসকের নিয়োগ অবৈধ সেটা বিচারপতি বলেছেন । আমরা আগেও জানিয়েছিলাম পুরবোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ অসাংবিধানিক, অগণতান্ত্রিক ৷ সেটাই প্রমাণিত হল । আমরাই বোর্ড চালাব । আগামীতে আলোচনা করে আমরা চেয়ারম্যান ঠিক করব।”
নতুন গতি 
























