জলপাইগুড়ি: শিক্ষক দিবস উপলক্ষে খাওয়াদাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল উত্তরবঙ্গের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান জলপাইগুড়ি জেলা স্কুল। অভিযোগ, ছাত্রদের মারধরে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুই। ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, শিক্ষক দিবস উপলক্ষে স্কুলে বিশেষ খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল। তবে দশম শ্রেণির ছাত্রদের ওই আয়োজনের আওতায় রাখা হয়নি বলে অভিযোগ। তা নিয়েই প্রথমে ছাত্রদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং স্কুল চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়।
অভিযোগ, উত্তেজনার মধ্যে প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুইকে কয়েকজন ছাত্র মারধর করে। এতে তিনি গুরুতরভাবে আহত হয়ে মাটিতে পড়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশের পথও আটকানোর অভিযোগ ওঠে ছাত্রদের বিরুদ্ধে।
পরে পুলিশ আহত প্রধান শিক্ষককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
নতুন গতি 
























