দেবজিৎ মুখার্জি, কলকাতা: চাপ বৃদ্ধি ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের। এবার ডায়মন্ড হারবার জেলা পুলিশের তরফ থেকে তাঁকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে, কালীতলা আশুতি থানায় দায়ের হওয়া, মাটি চুরি মামলায়।
বুধবার, হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে, সুমিত রায়কে পেশ করা হয়েছে আলিপুর আদালতে। শালবনি থেকে তাঁকে নিয়ে আসা হয়েছে আলিপুরে। যদিও জামিনের আবেদন করেছেন তিনি। শালবনী জমি দুর্নীতি মামলা চলছে বলে নিয়ম মেনে নয়া মামলায় গ্রেপ্তার করতে তাঁকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
প্রসঙ্গত, শালবনি জমি দুর্নীতি মামলায় সুমিত রায়কে গ্রেপ্তার করেছে সিআইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে প্রথমে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই সুমিতের খোঁজ মেলে। এখানেই শেষ নয়, চার্জশিটে স্পষ্ট জানানো হয়েছে যে সুজয়ের দ্বারা সুমিত রায়ের অফিসে টাকা পৌঁছে যেত। এবার কালীতলা আশুতি থানা এলাকায় মাটি চুরির মামলায় তাঁকে শোন অ্যারেস্ট করা হলো। সেক্ষেত্রে দেখার বিষয় যে আগামীদিনে এই মামলার তদন্ত করতে গিয়ে বিস্ফোরক কিছু বেরিয়ে আসে কিনা। কী হতে চলেছে এবার? তা বলবে সময়।
নতুন গতি 











