নিউজ ডেস্ক: সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানোকে চ্যালেঞ্জ করে সিজেপি দিল্লি হাই কোর্ট গেলেও তা শুনতে রাজি হলো না কোর্ট।
বিচারপতি সুব্রমনিয়ম প্রসাদ বলেন, “আপনারা বিক্ষোভের সামনের সারিতে রয়েছেন। আপনারা যখন ব্যারিকেড ভাঙছেন, তখন আপনাদের অনুগামীরাও তা অনুসরণ করতে পারেন। এমনও হতে পারে যে, সেখানে এমন কিছু মানুষ রয়েছেন, যাঁরা আপনাদের নিয়ন্ত্রণে নেই।” এরপর নাম না করে ফ্রান্সের বিক্ষোভ প্রসঙ্গ তুলে ধরে তাঁর বক্তব্য, “আমরা দেশের বাইরে এমন ঘটনা ঘটতে দেখেছি, যা প্রাথমিকভাবে ছাত্রছাত্রীদের বিক্ষোভ হিসাবে শুরু হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত অগ্নিসংযোগ, ভাঙচুরের মতো ঘটনায় রূপ নিল।”
কোর্টের পর্যবেক্ষণ, সৌরভ-আশুতোষরা শান্তি ভঙ্গ করবেন না শর্তে জামিন পেলেও সেই শর্ত ভঙ্গ করেছেন। বিচারপতি সুব্রমনিয়ম প্রসাদ দুই সিজেপি নেতার বয়স জিজ্ঞাসা করলে একজন বলেন ২৭ এবং অন্যজন ৩১। এরপরই তাঁর বক্তব্য, “আপনারা তো জেন জি নন। আপনারা কারা? আপনারা কী করেন? আপনাদের সংগঠনের উদ্দেশ্যই বা কী? যখন শান্তি ও শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা থাকে, তখন এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।” জানা গিয়েছে, শেষ পর্যন্ত আবেদন প্রত্যাহার করা হয়েছে সৌরভ এবং আশুতোষের তরফ থেকে। প্রসঙ্গত, সৌরভ-আশুতোষের বিরুদ্ধে দায়ের হওয়া তৃতীয় মামলাটিও ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে।
নতুন গতি 












