আনজুম মুনির, কলকাতা: সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব কিছুই বদলে যাচ্ছে। বদলে যাচ্ছে বিশ্ববাংলার ‘ব’। ঠিক তেমনই বদলে যাচ্ছে বিভিন্ন বাড়ির রঙ – এবার নীল সাদার বদলে গেরুয়া। মঙ্গলবার গেরুয়া রঙের প্রথম প্রলেপ পড়ল নবান্ন চত্বরে। গোটা নবান্ন ভবন গেরুয়া রঙেতে রাঙিয়ে দেওয়ার জন্য এখনও অবশ্য পূর্ত দফতর দরপত্র ডাকেনি। তবে নবান্ন সভাগৃহে গেরুয়া ও সাদা রঙ লাগানো শুরু হয়েছে জোরকদমে। তবে অন্যান্য সরকারি ভবনের রংও সেক্ষেত্রে বদল হবে কিনা সেবিষয়ে সরকারি কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। কারণ নিউ সেক্রেটারিয়েট থেকে খাদ্যভবন, পঞ্চায়েত থেকে বিকাশ ভবন–বদল হলে সব দপ্তরেরই রংয়ের বদল হবে। নবান্নের এক আধিকারিকের কথায়, কিছুটা অংশ গেরুয়া করে দেখে নেওয়া হচ্ছে কেমন লাগে দেখতে। তারপর এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।
একটা সময়ে রাজ্যে সরকার চলত রাইটার্স বিল্ডিংস থেকে। সেই ভবনের রং ছিল লাল। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে প্রশাসনিক ভবন সরিয়ে আনা হয় গঙ্গার পশ্চিম পাড়ে। ১৪ তলার ভবন ‘নবান্ন’ শুরুর দিন থেকেই এর রং নীল-সাদা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছেমতো রাজ্যের প্রায় সমস্ত প্রশাসনিক ভবনেরই রং বদল হয় সেই সময়। নীল-সাদা রঙে সেজে উঠতে শুরু করে সরকারি অফিস-বিল্ডিং। রাস্তার ডিভাইডারগুলিও নীল-সাদা রঙে রাঙিয়ে দেওয়া হয়। এবার সেগুলোর রংও বদলাতে পারে। এখন তৃণমূল অতীত। সেই সঙ্গে অতীত নীল-সাদাও। অনেকেই মনে করছিলেন বিজেপি জমানায় রাজ্যের প্রশাসনিক ভবনগুলির গেরুয়াকরণ সময়ের অপেক্ষা।
নতুন গতি 






















