মালদা: গোবিন্দভোগ ধান চাষের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে পুরাতন মালদায় এলেন রাজ্যের উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অমিয় কিস্কু। বৃহস্পতিবার সকালে মুচিয়া গ্রাম পঞ্চায়েতের চরলক্ষীপুর গ্রামের কৃষিজমি পরিদর্শন করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন জেলা কৃষি দপ্তরের উপ-অধিকর্তা বিদ্যুৎ বর্মন, পুরাতন মালদার কৃষি সহ-অধিকর্তা রুপম বড়ুয়াসহ অন্যান্য আধিকারিকরা।
এদিন সরাসরি ধানের জমিতে নেমে গোবিন্দভোগ ধানের চাষ পদ্ধতি, জমির বর্তমান অবস্থা ও উৎপাদন পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী। পাশাপাশি স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে চাষাবাদের সমস্যা, উৎপাদন খরচ এবং সরকারি সহযোগিতার বিষয়েও বিস্তারিত খোঁজ নেন তিনি।
মন্ত্রীকে কাছে পেয়ে কৃষকেরা তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। কৃষকদের বক্তব্য শোনার পাশাপাশি ধান চাষে জৈব পদ্ধতির ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। মন্ত্রীর এই সরেজমিন পরিদর্শনে এলাকায় কৃষকদের মধ্যেও উৎসাহ দেখা যায়। সংশ্লিষ্টদের মতে, এই পরিদর্শনের ফলে মুচিয়া এলাকার গোবিন্দভোগ চাষের বাস্তব পরিস্থিতি সম্পর্কে প্রশাসনের কাছে আরও স্পষ্ট ধারণা তৈরি হবে।
নতুন গতি 






















