কোচবিহার: রাজ্য যুব মোর্চার সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার কোচবিহার সফরে এসেই দলের অন্দরমহলের ক্ষোভের মুখে পড়লেন অমিত সামন্ত। গত বৃহস্পতিবার পুণ্ডিবাড়ি থেকে বাইক র্যালির মাধ্যমে তাঁকে কোচবিহার শহরের পঞ্চানন হলে সংবর্ধনা জানানো হয়। সেখানেই দলের একাংশের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ জানান বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন।
মণ্ডলের যুব মোর্চা নেতৃত্বকে সতর্ক করে অভিজিৎ বলেন, সংগঠনের নীতি ও নির্দেশের বাইরে গিয়ে কোনও কাজ বরদাস্ত করা হবে না। তাঁর অভিযোগ, যুব মোর্চার কিছু কর্মী সংগঠনের বাইরে গিয়ে কাজ করছেন। তাঁদের সেই পথ থেকে সরে আসার আহ্বান জানান তিনি। জেলা যুব মোর্চার সভাপতি কুমার চন্দন নারায়ণের সঙ্গে এ বিষয়ে আগেও কথা হয়েছে বলেও জানান অভিজিৎ। উচ্চপর্যায়ের অনুমতি ছাড়াই কিছু মণ্ডলের যুব কর্মী নিজেদের মতো করে কাজ করছেন বলেও অভিযোগ তাঁর।
সভায় অভিজিৎ বর্মন দাবি করেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সাংগঠনিক কোচবিহার জেলার আটটি আসনের মধ্যে সাতটিতে বিজেপি জয়ী হয়েছিল। সাম্প্রতিক ২০২৬ সালের নির্বাচনেও সিতাই আসনটি সামান্য ভোটের ব্যবধানে হাতছাড়া হলেও দলের ভোটের ব্যবধান বেড়েছে বলে দাবি তাঁর।
অন্যদিকে অমিত সামন্ত বলেন, যুব মোর্চার কোনও কর্মী তোলাবাজির সঙ্গে যুক্ত থাকতে পারেন না। তাঁর দাবি, রাজনৈতিক পালাবদলের পর নতুন কিছু মানুষ দলে যোগ দেওয়ার পর তাঁদের প্ররোচনায় কোথাও কোথাও কর্মীরা ভুল করেছেন। এ ক্ষেত্রে দল শাস্তিমূলক পদক্ষেপও করেছে বলে জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার সহ-সভাপতি-সহ অন্যান্য নেতারাও।
নতুন গতি 



















