খান আরশাদ, বীরভূম:
নদীতে স্নান করতে নামা ৬ জন নাবালকের উপর অ্যাসিড ছোড়ার অভিযোগে চাঞ্চল্য ছড়াল বীরভূমের সাঁইথিয়ায়। এই ঘটনায় তিনজন নাবালক গুরুতর জখম হয়েছে। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে সাঁইথিয়া থানার পুলিশ। জানা গিয়েছে, সাঁইথিয়ার ময়ূরাক্ষী নদীতে ৬ জন নাবালক স্নান করতে নেমেছিল। অভিযোগ, সেই সময় এলাকার বাসিন্দা বাসন্তী মন্ডল নামে এক মহিলা আচমকাই তাদের লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে দেন। ঘটনায় তিনজন নাবালকের শরীরের বিভিন্ন অংশ অ্যাসিডে পুড়ে যায়। আহতদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে তিনজনকেই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেন ওই মহিলা এভাবে নাবালকদের উপর অ্যাসিড হামলা চালালেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এরপর পুলিশ অভিযুক্ত বাসন্তী মন্ডলকে গ্রেফতার করে। ধৃতকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তার জেল হেফাজতের নির্দেশ দেন বলে জানান সিউড়ি আদালতের আইনজীবী অনিমেষ দাস।
কি কারণে ওই মহিলা এই ধরনের ঘটনা ঘটালেন, তার তদন্ত শুরু করেছে পুলিশ।
নতুন গতি 





















