মাসুম আনসারী, ধুলিয়ান: ফরাক্কার বল্লালপুর ফিডার ক্যানাল থেকে এক যুবকের বিচ্ছিন্ন পা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে ক্যানালের জল থেকে পাটি উদ্ধার করে পুলিশ। পরে সেটি জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়। দেহের বাকি অংশের সন্ধানে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও অভিজ্ঞ ডুবুরিদের নামানো হলেও সন্ধ্যা পর্যন্ত কোনও সন্ধান মেলেনি।
পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া পাটি সামশেরগঞ্জের ধুলিয়ান পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের নিখোঁজ যুবক সুজিত মণ্ডলের হতে পারে। গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন সুজিত। তাঁর সন্ধান না মেলায় শনিবার রাতে তদন্তে গতি আনার দাবিতে সামশেরগঞ্জ থানায় বিক্ষোভ দেখান পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যেই ফরাক্কা থেকে এক মহিলাসহ দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পরিবারের দাবি, ১৩ হাজার টাকা লেনদেনকে কেন্দ্র করেই ঘটনা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে তারা। দেহের বাকি অংশ ও ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ।
নতুন গতি 



























