খান আরশাদ, বীরভূম: ইলেকট্রনিক্সের দোকানের আড়ালে মাদক কারবারের অভিযোগ। দুবরাজপুরে একটি দোকানে অভিযান চালিয়ে ৯১ গ্রাম ব্রাউন সুগার বা অশুদ্ধ হেরোইন উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় দোকানমালিক শেখ আজিজুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি দুবরাজপুর থানার খোয়াজ মহম্মদপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুলিয়া মোড় সংলগ্ন রাজ্য সড়কের ধারে ওই ইলেকট্রনিক্স দোকানে গোপনে মাদক কারবার চলছে বলে খবর আসে। এরপর দুবরাজপুর থানার আইসি অমিত প্রামাণিকের নেতৃত্বে অভিযান চালানো হয়। সাদা পোশাকে খরিদ্দার সেজে এসআই গোলাম মোস্তফার নজরদারিতে পুলিশ দোকানে ঢোকে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজনগরের বিডিও তথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শুভাশিস চক্রবর্তী। তাঁর উপস্থিতিতে তল্লাশি চালিয়ে দোকানের গোপন জায়গা থেকে ৯১ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।
পুলিশের দাবি, উদ্ধার মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। শেখ আজিজুলকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। কারবারে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। শনিবার ধৃতকে সিউড়ি আদালতে তোলা হয়।
নতুন গতি 





























