হুগলি: ন্যূনতম পরিকাঠামো ও প্রয়োজনীয় পরিষেবা না থাকার অভিযোগে হুগলির ধনেখালির মদনমোহনতলা এলাকার একটি নার্সিংহোম সিল করে দিল স্বাস্থ্য দপ্তর। নার্সিংহোম পরিচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা।
স্বাস্থ্য দপ্তর সূত্রে অভিযোগ, নার্সিংহোমটিতে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের একাধিক নিয়ম মানা হচ্ছিল না। নার্সিংহোম পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো, মেডিক্যাল অফিসার, জিএনএম নার্সিং স্টাফ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। গত জুলাই মাসেও নার্সিংহোম কর্তৃপক্ষকে বন্ধের নির্দেশ দিয়েছিল জেলা স্বাস্থ্য দপ্তর। সাময়িকভাবে বন্ধ থাকার পর ফের সেখানে রোগী ভর্তি শুরু হয় বলে অভিযোগ।
অভিযোগ পেয়ে হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকের নির্দেশে ধনেখালি বিএমওএইচ এবং ডেপুটি সিএমওএইচ-১ ত্রিদীপ মুস্তাফি বৃহস্পতিবার রাতে নার্সিংহোমে যান। রাত প্রায় ১০টা নাগাদ পুলিশকে সঙ্গে নিয়ে নার্সিংহোমটি সিল করে দেওয়া হয়।
নার্সিংহোমের পরিচালক কেনারাম দে স্বাস্থ্য আধিকারিকদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশের অভিযোগ তুলে বলেন, পরিকাঠামোর কিছু ঘাটতি থাকলেও পরিষেবা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তিনি জানান, নার্সিংহোম বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন।
অন্যদিকে, ডেপুটি সিএমওএইচ-১ ত্রিদীপ মুস্তাফি জানান, একাধিকবার নোটিশ দেওয়া হলেও নিয়ম মানা হয়নি। তাই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে নার্সিংহোমটি সিল করা হয়েছে।
নতুন গতি 




























