খান আরশাদ, বীরভূম: বীরভূমের রামপুরহাট সংলগ্ন কুসুম্বা গ্রামে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই তথা রামপুরহাট ১ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি নিহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায় ঘটকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ বাপের বাড়ির দোতলার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, নিহার মুখোপাধ্যায় ও পম্পা মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি পেশায় স্কুলশিক্ষিকা ছিলেন। এসএসসি তালিকায় নাম বাদ যাওয়া ও চাকরি হারানোর পর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে স্থানীয় সূত্রের দাবি। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চাকরি বাতিলের আগেই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন।
অন্যদিকে, বৃষ্টির ব্যক্তিগত জীবনেও টানাপোড়েন চলছিল বলে জানা গিয়েছে। রামনামপুরের বাসিন্দা কৌশিক ঘটকের সঙ্গে তাঁর বিবাহ হয়েছিল। তাঁদের একটি সন্তানও রয়েছে। তবে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলায় প্রায় চার বছর ধরে তিনি বাপের বাড়িতেই থাকছিলেন।
বৃষ্টির আকস্মিক মৃত্যুতে পরিবার ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ আত্মহত্যা, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
নতুন গতি 

























