দিনহাটা: একেই হয়তো বলে কর্মফল। খুবই বিলাসবহুল জীবন যাপনে অভ্যস্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে এভাবেই রাত কাটাতে হলো। ডিনারে ডাল আর রুটি। পুলিশ হেফাজতে লকআপের ভিতরে প্রথম রাতটা মেঝেতে শুয়ে-বসেই কাটালেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। বিশেষ কোনও আবদার না থাকলেও লকআপের ভিতর এক রাতেই নাভিশ্বাস উঠে গিয়েছে তাঁর। তাই ভোর হতে না হতেই লকআপের ভিতরেই পায়চারি করতে শুরু করে দিয়েছিলেন।
এদিকে শুক্রবার আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ এনে বিজয় সাহা নামে দিনহাটা শহরের আরো এক বাসিন্দা উদয়ন গুহর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সিপিএমের পক্ষ থেকেও অন্তত ৫৫ জনের তালিকা ও তথ্য দিয়ে দিনহাটা থানায় দাবি করা হয়েছে, তাঁদের কাছ থেকে উদয়ন গুহ চেয়ারম্যান থাকার সময় আবাস যোজনার নামে বেআইনিভাবে অর্থ সংগ্রহ করেছেন। তবে পুলিশ হেফাজতে থাকা উদয়নবাবুর পাশে দাঁড়াতে এদিন দিনহাটার বাড়িতে এসে পৌঁছেছেন তাঁর স্ত্রী শাশ্বতী গুহ সহ পরিবারের কয়েকজন সদস্য।
তাঁদের বাড়িতে ফেরার খবর পেয়ে বিজেপির বিক্ষুব্ধ নেতা দীপ্তিমান সেনগুপ্ত তাদের বাড়িতে গিয়ে দুপুরের খাবার পৌঁছে দেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে বিজেপি কর্মী-সমর্থকরা দীপ্তিমান সেনগুপ্তর বাড়িতে হামলা চালিয়েছেন বলেই অভিযোগ ওঠে। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। অভিযোগ, তাঁর বাড়িতে থাকা সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়। গোটা ঘটনায় বিজেপি কর্মী সমর্থকের দিকেই দীপ্তিমান সেনগুপ্ত অভিযোগ করেছেন। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন দলের নেতৃত্ব।
নতুন গতি 

























