নতুন গতি প্রতিবেদন, আলিপুরদুয়ার: সোমবার আলিপুরদুয়ার জেলা আদালতের নতুন ভবনের কাজ দেখতে এসেছিলেন রাজ্য আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস। সেখানে সাংবাদিক সম্মেলন করে তিনি জুনিয়র আইনজীবীদের মাস গেলে ৩ হাজার টাকা করে পাওয়ার কথা তুলে ধরেন। শুধু তাই নয়, পুজোর বোনাসের কথাও তুলে ধরেন তিনি। এছাড়াও দ্রুত নতুন ভবন উদ্বোধনেরও আশ্বাস দেন।
বিরাজ বিশ্বাস বলেছেন, “আলিপুরদুয়ার আদালতের একাধিক সমস্যা রয়েছে, তা গুরুত্ব দিয়ে দেখা হবে। এছাড়াও জুনিয়ার আইনজীবীদের মাসিক ভাতা, পুজোর বোনাস সহ আইনজীবীদের ওয়েলফেয়ার ফান্ডের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।” মৌখিকভাবে ভাতার অঙ্ক না বললেও মাসে ৩ হাজার টাকা দেওয়ার কথা লিফলেটে প্রচার করা হয়েছে। পাশাপাশি দুর্গাপুজোর বোনাসের কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়া আরো একাধিক পরিষেবার কথা বলা হয়েছে।
এই প্রসঙ্গে আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের বিদায়ি সভাপতি মৃদুল গোস্বামী বলেছেন, “মন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ হলে ভালো। তবে তৃণমূল কংগ্রেসের আমলেও আইনজীবীদের এক হাজার টাকা করে ভাতা প্রদান করা হয়েছে।” এক সরকারি আইনজীবীর বক্তব্য, “আইন প্রতিমন্ত্রী আইনজীবীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। ভাতা জুনিয়ার আইনজীবীদের প্রদান করা হলেও পুজোর বোনাস সকলকে দেওয়া হবে। আগের সরকার ভাতা প্রদানের কথা মুখে বললেও বাস্তবে কেউ ভাতা পাননি।”
নতুন গতি 




























