দেবজিৎ মুখার্জি, উত্তর দিনাজপুর: পালাবদলের বাংলায় চতুর্থ এনকাউন্টার। এবারের ঘটনাস্থল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ। পুলিশের গুলিতে বাংলা-বিহার সীমান্তে নিহত হয়েছেন নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত।
জানা গিয়েছে, মৃত অভিযুক্ত রায়গঞ্জের কমলাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা এবং সম্পর্কে নাবালিকার জেঠু দিলীপ রায়। ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার থেকে। পাশের বাড়ির সেই নাবালিকাকে কুলিক নদী দেখানোর নাম করে তিনি বাড়ি থেকে বের করেছিলেন। তবে তারপর থেকেই নাবালিকার খোঁজ মিলছিল না। বৃহস্পতিবার তার দেহ মেলে আব্দুলঘাটার জঙ্গলে। অভিযোগ, জঙ্গলেই নাবালিকার উপর শারীরিক নির্যাতন চালান দিলীপ এবং খবর জানাজানি হতেই এলাকায় তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সূত্র মারফত খবর, দিলীপ রায়ের আদি বাড়ি ঝাড়খণ্ডে। পুলিশ জানতে পারে তিনি পাড়ারপুকুরের রাস্তা ধরে বিহারের তারাপুরে পালানোর ছক করেছিলেন। রবিবার রাত দুটো নাগাদ অভিযানে নেমে তাঁকে ঘিরে ফেলা হয় পুলিশের তরফ থেকে। তখনই তিনি নিজের পকেট থেকে বন্দুক বের করে পুলিশের দিকে চালাতে শুরু করেন। পুলিশ পাল্টা গুলি চালানোয় পাড়ারপুকুর বাঁধে প্রাণ হারান দিলীপ। এদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা। বিরোধীরা সত্য আড়ালের অভিযোগ তুলে এই এনকাউন্টারের বিরোধিতা করেছে। যদিও শাসক শিবির সেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এবার দেখার, জল কতদূর গড়ায় বা আগামীদিনে কোনও বিস্ফোরক তথ্য উঠে আসে কিনা।
নতুন গতি 










