নতুন গতি প্রতিবেদন, শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে জয় বাম মনোভাবাপন্ন প্রার্থীদের। কর্মচারী সমিতির ভোটে তাঁদের কাছে পরাজিত হয়েছেন ভারতীয় মজদুর সঙ্ঘ প্রভাবিত প্রার্থীরা। মঙ্গলবার ফলপ্রকাশ হয় এই ভোটের। ৯টি আসনের মধ্যে শুধুমাত্র সভাপতি পদে জয় পেয়েছেন বিএমএস মনোভাবাপন্ন প্রার্থী। বাকিগুলিতে জয়লাভ করেছেন বাম মনোভাবাপন্ন প্রার্থীরা।
সমিতিতে রয়েছেন মোট ১১০ জন ভোটার। তাঁদের মধ্যে ভোট দেন ১০৫ জন। কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক পদে জিতে বাম মনোভাবপন্ন সুমন চট্টোপাধ্যায় বলেছেন, “এই জয় কর্মচারীদের জয়। রাজ্যে এবং কেন্দ্রে যা চলছে তার বিরুদ্ধেই এই রায়।” এদিকে সভাপতি পদে জিতে বিএমএস মনোভাবাপন্ন প্রার্থী স্বপন দাস বলেছেন, “নতুন সরকার আসার পরে আমরা সদস্য সংগ্রহ শুরু করেছিলাম। তবে এখানে বাম মনোভাবাপন্নদের বরাবর আধিপত্য ছিল। আমরা তার মধ্যে নির্বাচনের মাধ্যমে যা হবে সেটা চেয়েছি।”
সম্প্রতি রাজ্যে পালাবদল ঘটেছে। বড় ব্যবধানে জয় পেয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। তার মধ্যেই কর্মচারী সমিতির ভোটে বিএমএসের এই পরাজয় যে নানা প্রশ্ন তুলছে, তা সহজেই অনুমেয়।
নতুন গতি 

























