মোঃ নাওয়াজ শরীফ, নতুন গতি, মালদা: চোখ বাঁধা। সামনে এক বান্ডিল ৫০০ টাকার নোট। আর মাত্র ২৩.০৩ সেকেন্ডেই গুনে ফেললেন ১০০টি নোট! অভিনব এই প্রতিভার জোরেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলে নজর কাড়লেন মালদার মোবাইল ব্যবসায়ী দেবজিৎ বোস।
মালদা শহরের পশ্চিম হায়দারপুরের বাসিন্দা দেবজিৎ বোস পেশায় একজন প্রতিষ্ঠিত মোবাইল ব্যবসায়ী। গত জুন মাসে সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়া বুক অব রেকর্ডসের একটি ভিডিও দেখতে গিয়ে তাঁর নজরে আসে এই ধরনের একটি রেকর্ড। সেখানে চোখ বাঁধা অবস্থায় ৫০০ টাকার ১০০টি নোট ২৬.০৭ সেকেন্ডে গুনে রেকর্ড গড়েছিলেন এক ব্যক্তি।
সেই ভিডিও দেখেই বিষয়টি নিয়ে আগ্রহী হয়ে ওঠেন দেবজিৎ। শুরু হয় বাড়িতে অনুশীলন। চোখ বেঁধে বারবার ৫০০ টাকার ১০০টি নোট গোনার চেষ্টা করতে থাকেন তিনি। প্রথমদিকে ২৪ সেকেন্ডের মধ্যেই কাজটি সম্পূর্ণ করতে সক্ষম হন।
এরপর ইন্ডিয়া বুক অব রেকর্ডসের জন্য ফাইনাল ভিডিও তৈরি করতে গিয়ে নিজের আগের সময়কেও ছাপিয়ে যান দেবজিৎ। চোখ বাঁধা অবস্থায় মাত্র ২৩.০৩ সেকেন্ডে ১০০টি ৫০০ টাকার নোট গুনে ফেলেন তিনি। সেই ভিডিও পাঠানো হয় ইন্ডিয়া বুক অব রেকর্ডস কর্তৃপক্ষের কাছে।
প্রায় এক মাস ধরে ভিডিও ও রেকর্ড সংক্রান্ত বিষয়গুলি যাচাই করার পর অবশেষে দেবজিৎ বোসকে সংশ্লিষ্ট বিভাগে রেকর্ডের অধিকারী হিসেবে স্বীকৃতি দেয় কর্তৃপক্ষ।
এই স্বীকৃতি পাওয়ার পর আনন্দে আত্মহারা দেবজিৎ। তাঁর এই অভিনব সাফল্যে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরাও। ব্যবসার পাশাপাশি নিজের বিশেষ দক্ষতার মাধ্যমে মালদার নাম রেকর্ডের পাতায় তুলে ধরতে পেরে গর্বিত দেবজিৎ বোস।
নতুন গতি 




















