বালুরঘাট: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস। ‘ভোট চুরি’র অভিযোগ তুলে বুধবার বালুরঘাটে প্রতিবাদ মিছিল করল জেলা কংগ্রেস।
জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবন পর্যন্ত যায়। মিছিলে নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি গোপালদেব-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। মিছিলজুড়ে ওঠে ‘ভোট চোর গদি ছাড়ো’ স্লোগান।
কংগ্রেসের অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকার কারণেই বিহার ও পশ্চিমবঙ্গে এসআইআরের নামে ভোটারদের নাম বাদ দেওয়ার ঘটনা ঘটেছে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর প্রক্রিয়াকে আইনসঙ্গত বলে জানানো হয়েছে এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে নিজেদের অবস্থানও ব্যাখ্যা করা হয়েছে।
এদিনের কর্মসূচিতে দেখা যায় অভিনব প্রতিবাদ। জ্ঞানেশ কুমারের প্রতীকী মূর্তিতে হাতকড়া পরিয়ে মিছিলে নিয়ে আসেন কংগ্রেস কর্মীরা। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-এর প্রতীকী তিনমাথা বিশিষ্ট প্রতিকৃতিও মিছিলে ছিল।
শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে প্রশাসনিক ভবনের দিকে এগিয়ে যায় মিছিলটি। এসআইআর ইস্যুতে দেশজুড়ে কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবেই দক্ষিণ দিনাজপুরে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
নতুন গতি 




















