হাসান লস্কর, দক্ষিণ ২৪ পরগনা: শিক্ষকদের ন্যায্য দাবি ও শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে সরব বক্তারা।শিক্ষকদের ন্যায্য দাবি, প্রাথমিক শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সমস্যা নিয়ে জয়নগরে অনুষ্ঠিত হল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির ৬৪তম দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্মেলন। রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, কুলতলির জামতলায় স্বপন হালদার ভবনে দিনভর এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়, মাতৃভাষায় সম্পূর্ণ শিক্ষা, প্রয়োজনীয় তথ্য ও শিক্ষার উপকরণ সরবরাহ এবং প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করার দাবিকে সামনে রেখেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন ধরে শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে সংগঠনের পক্ষ থেকে ধারাবাহিক আন্দোলন চালানো হচ্ছে বলেও জানানো হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির বিভিন্ন স্তরের নেতৃত্ব ও শিক্ষক-শিক্ষিকারা। মঞ্চে বক্তব্য রাখেন বি.পি.টি.এ-র রাজ্য সদস্য শিক্ষক সতীশ সাউ। বক্তব্যে তিনি শিক্ষকদের বিভিন্ন দাবি, প্রাথমিক শিক্ষার বর্তমান পরিস্থিতি এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নে শিক্ষক সমাজের ভূমিকার বিষয়গুলি তুলে ধরেন।
এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মানস সাহা, জেলা সম্পাদক বিকাশ মণ্ডল-সহ অন্যান্য নেতৃত্ব। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষকদের ন্যায্য দাবি আদায় এবং প্রাথমিক শিক্ষার স্বার্থে আগামী দিনেও আন্দোলন ও সাংগঠনিক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
সম্মেলনকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তাদের বক্তব্যে বারবার উঠে আসে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের অধিকার এবং প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও জনমুখী করার বিষয়টি।
নতুন গতি 




























