বসিরহাট: SIR-কে ঘিরে বিতর্কের আবহে এবার বসিরহাটে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের গ্রেফতারের দাবিতে মিছিল ও বিক্ষোভ। বৃহস্পতিবার বসিরহাট শহরের টাউন হল চত্বর থেকে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে মিছিল বের করেন একদল ভোটার। মিছিলে SIR-সংক্রান্ত আপিল ট্রাইব্যুনালে বিচারাধীন থাকা একাধিক ভোটারও অংশ নেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, SIR প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁদের দাবি, যাঁদের নাম সংক্রান্ত মামলা এখনও ট্রাইব্যুনালে বিচারাধীন, তাঁদের দ্রুত সমস্যার সমাধান করতে হবে। পাশাপাশি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তদন্ত এবং তাঁর সঙ্গে যুক্ত বলে অভিযোগ ওঠা ব্যক্তিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।
বসিরহাট ভোট সুরক্ষা সমন্বয় কমিটির সদস্য অজয় বাইন বলেন, ‘‘SIR-এর কারণে বহু বৈধ ভোটারের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যাঁদের নাম নিয়ে এখনও ট্রাইব্যুনালে বিচার চলছে, তাঁদের দ্রুত সমস্যার সমাধান করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেফতারের দাবিতেই আমাদের এই আন্দোলন।’’
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে SIR-সংক্রান্ত ৩৮.২০ লক্ষের বেশি আপিল জমা পড়েছে। এর মধ্যে প্রায় ১.০২ লক্ষের নিষ্পত্তি হয়েছে, এখনও ৩৭.১৮ লক্ষের বেশি আপিল বিচারাধীন।
নতুন গতি 




















