শিলিগুড়ি: স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে শিলিগুড়িতে সাফাই কর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি দ্বিতীয় দিনেও অব্যাহত। আন্দোলনের জেরে শহরের বিভিন্ন এলাকায় সাফাই পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কর্মবিরতি দীর্ঘায়িত হলে বিভিন্ন প্রান্তে আবর্জনা জমে পরিস্থিতি জটিল হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্ট মহলের।
দীর্ঘদিন ধরেই নিজেদের বিভিন্ন দাবি নিয়ে সরব সাফাই কর্মীরা। তাঁদের অভিযোগ, কাজের ক্ষেত্রে একাধিক সমস্যা থাকলেও স্থায়ী সমাধানের পরিবর্তে বারবার আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু সেই অনুযায়ী কার্যকর পদক্ষেপ না হওয়ায় এবার অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
আন্দোলনকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে সাফাই কর্মীদের স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি এবং কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান। তাঁদের বক্তব্য, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দীর্ঘদিন ধরে শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তাঁরা। অথচ তাঁদের ন্যায্য দাবিগুলি এখনও পূরণ হয়নি।
আন্দোলনকারীদের দাবি, দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও জানিয়েছেন তাঁরা।
কর্মবিরতি অব্যাহত থাকায় বাজার, আবাসিক এলাকা ও জনবহুল এলাকায় নিয়মিত আবর্জনা পরিষ্কার নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিষেবা স্বাভাবিক রাখতে প্রশাসন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর।
নতুন গতি 




















